দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠল বিজেপির তথ্যপ্রযুক্তি শাখা (আইটি সেল)-র বিরুদ্ধে। অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন আইটি সেলেরই এক সদস্য নীতু বোরা। বৃহস্পতিবার নীতুকে গ্রেফতার করে অসম পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির আইটি সেলের আরও তিন সদস্যকে আটক করা হয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে, নীতু বোরা অসমের মোরিগাঁও জেলার বাসিন্দা। সাম্প্রদায়িকতা ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দিনকয়েক ধরেই উস্কানিমূলক বার্তা দিচ্ছিলেন নীতু। এমনকী তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রীও।
সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে নীতু লেখেন, বিজেপি সরকার অসমের হিন্দুদের সুরক্ষা দিতে অসফল। অভিবাসী মুসলিমদের হাতে স্থানীয় হিন্দুরা নিপীড়িত। তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীও। অসমের সাম্প্রতিক অস্থিরতার জন্যও মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে।
মরিগাঁও পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, নীতু ওরফে নীতুমণি বোরার নামে এফআইআর করেছেন রাজু মোহান্তি নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই নীতুকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির আইটি সেলের আরও এক সদস্য হেমন্ত বড়ুয়াকে আটক করে জেরা করছে পুলিশ। হেমন্ত মজুলি গ্রামের বাসিন্দা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় নীতুর সঙ্গেই নানা রকম উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনিও।
ঘটনা প্রসঙ্গে বিজেপি আইটি সেলের দাবি, স্বাধীনভাবে কিছু বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। বিজেপি আইটি সেলের লক্ষ্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা। নীতিগত অবস্থান নিয়ে দলকে পরামর্শ দেওয়া। সেই অধিকারই ছিনিয়ে নিচ্ছে রাজ্য সরকার।