কাউন্সিলরকে কীভাবে নিরাপদে আদালতে তোলা হবে, সেটাই এই মুহূর্তে পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেষ আপডেট: 9 February 2026 14:19
দ্য ওয়াল ব্যুরো: গতকাল, রবিবার ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলর (Barrackpore TMC councillor) রবীন্দ্রনাথ ভট্টাচার্যের (Rabindranath Bhattacharya) লাথির পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৮১ বছরের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম (West Bengal politics)। সেই উত্তাপের জেরে ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্ত কাউন্সিলরকে সাসপেন্ড করেছে তৃণমূল (TMC)। এবার বৃদ্ধের মৃত্যুকে ঘিরে পথে নামল বিজেপি (BJP)। উঠল ফাঁসির দাবিও।
সোমবার দুপুরে চিড়িয়ামোড়ে বিজেপি সমর্থকদের (BJP)) অবরোধে কার্যত অচল হয়ে পড়ে এলাকা। গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান নেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শীলভদ্র দত্ত। অবরোধ চলাকালীন অভিযুক্ত কাউন্সিলরের ফাঁসির দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। বিটি রোড অবরোধ (BT Road blocked) পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে বিটি রোড।
অর্জুন সিং স্পষ্ট জানান, “দোষীর কঠোরতম শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।” একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিনই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ব্যারাকপুর আদালতে তোলার কথা রয়েছে। শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আদালত চত্বরের সামনে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। বিজেপির একটি মিছিল আদালতের দিকে এগোচ্ছে, আর তা আটকাতে মরিয়া পুলিশ।
কাউন্সিলরকে কীভাবে নিরাপদে আদালতে তোলা হবে, সেটাই এই মুহূর্তে পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোটা ঘটনায় ব্যারাকপুর জুড়ে উত্তেজনা চরমে।
ঠিক কী ঘটেছিল?
অভিযোগ, বেআইনি নির্মাণ ঘিরে রবিবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তুলসী অধিকারী। তারপরই বৃদ্ধকে লাথি মারেন কাউন্সিলর। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ এবং অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার জেরে রবিবার সন্ধ্যাতেই অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছ’ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের বিধায়ক পার্থ ভৌমিক ঘটনাস্থলে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান এবং ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেন। একই রাতে গ্রেফতার করা হয় ওই কাউন্সিলরকে।