প্রত্যক্ষদর্শীদের মতে, কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত ঘনিষ্ঠদের উপর হামলা চালায়। অভিযোগ, তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী চায়ের দোকানে বসে ছিলেন। সেইসময় রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।
.jpg.webp)
তৃণমূলে 'গোষ্ঠীদ্বন্দ্ব'!
শেষ আপডেট: 30 July 2025 09:05
দ্য ওয়াল ব্যুরো: দু'দিনের বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাষা আন্দোলনের সূচনা করতে এসে দলীয় শৃঙ্খলা রক্ষা ও বাঙালির গৌরব রক্ষার বার্তাও দেন। কিন্তু তিনি জেলা ছাড়তেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডল (Anubrata Mandol) ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখের (Kajal Seikh) অনুগামীদের বিরুদ্ধে। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।
মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের (Birbhum) সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের দুই শক্তিশালী গোষ্ঠী, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে শুরু হয় বেধড়ক মারধর ও ঢিল ছোঁড়াছুঁড়ি। পরিস্থিতি আরও খারাপ হয় বোমাবাজির ঘটনায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত ঘনিষ্ঠদের উপর হামলা চালায়। অভিযোগ, তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী চায়ের দোকানে বসে ছিলেন। সেইসময় রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তনুজার দাবি, 'আমার স্বামী চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ ঢিল ছোঁড়া শুরু হয়। তারপরই রড দিয়ে মারধর করা হয়। আমি অনুব্রত মণ্ডলের দলের সভানেত্রী, আর ওরা কাজল শেখের লোক।'
এই ঘটনার পরেই সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরও সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কাজল শেখ বা তাঁর অনুগামীদের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, জেলা নেতৃত্বের ছত্রছায়ায় এই গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকলে দলকে ঐক্যবদ্ধ রাখা কতটা সম্ভব? মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরপরই এমন সংঘর্ষ প্রশাসনিক স্তরে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।