বিকাশের কথায়, যা হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার। এটা পরিকল্পিত দুর্নীতি। তৃণমূল নেতাদের নিশানা করে তিনি অভিযোগ করেছেন, ''পাড়ায় পাড়ায় গিয়ে টাকা তুলেছে তারা চাকরি বিক্রির নাম করে। এখন তাদের বিপদে ফেলেছেন।''

বিকাশ রঞ্জন ভট্টাচার্য
শেষ আপডেট: 19 August 2025 20:17
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গল বিকেলে বড় ধাক্কা খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিযুক্ত ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, একইসঙ্গে রাজ্য সরকার। কারণ নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যে সমস্ত রিভিউ পিটিশন (Review Petition) দাখিল করা হয়েছিল তা বাতিল করেছে দেশের শীর্ষ আদালত। গোটা বিষয় নিয়ে মূলত রাজ্য সরকারকেই দুষেছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।
সুপ্রিম কোর্টের (Supreme Court) সিদ্ধান্ত একদম সঠিক। দ্য ওয়াল-কে ফোনে এমনটাই জানিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তাঁর সাফ কথা, ''আমি তো প্রথম থেকেই বলেছিলাম। এত বড় দুর্নীতি খুঁজে পাওয়ার পর কোনও রিভিউ হয় নাকি। আসলে এমনটা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সকলকে বিভ্রান্ত করেছেন এবং চাকরিজীবী শিক্ষিত সমাজকে পথে বসিয়ে দিয়েছেন।'' বিকাশ স্পষ্টত এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন রাজ্য সরকারকেই।
বিকাশের কথায়, যা হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার। এটা পরিকল্পিত দুর্নীতি। তৃণমূল নেতাদের (TMC Leaders) নিশানা করে তিনি অভিযোগ করেছেন, ''পাড়ায় পাড়ায় গিয়ে টাকা তুলেছে তারা চাকরি বিক্রির নাম করে। এখন তাদের বিপদে ফেলেছেন।'' বাংলার আমজনতাকে বিকাশের বার্তা, তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দলকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। সেটাই যেন তারা আগামী দিনে করেন।
চাকরিহারাদের তাহলে কি আর কোনও আশা নেই? তাঁরা এখন কী করবে? এই প্রশ্নের উত্তরে বিকাশ দ্য ওয়াল-কে জানান, ''যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। আর যারা স্বচ্ছভাবে নতুন পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবেন, তারা চাকরি পাবেন।'' তবে এক্ষেত্রেও সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবী। বলছেন, আদৌ সঠিক নিয়মে পরীক্ষা হবে কিনা, সেটাও দেখার। কারণ নতুন যে নিয়ম করা হয়েছে সেটাও সংবিধান সম্মত নয়। বিকাশের খোঁচা, এমন করে রেখেছে যে দুর্নীতি করা ছাড়া আর কোনও পথ খোলা নেই।
যোগ্য চাকরিহারারা যারা পথে নেমে আন্দোলন করছেন, তাদের বক্তব্য, আগে পরীক্ষা দিয়েছেন এখন আর দেবেন না। তাদের কী হবে - এই প্রসঙ্গে বিকাশ দ্য ওয়াল-কে বলেন, ''প্যানেলে সকলেই যোগ্য। যারা টাকা দিয়েছেন তারাও যোগ্য, যাদের চাকরি গেছে তারাও যোগ্য। শুধু তারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেননি। তাই পরীক্ষা দেওয়া ছাড়া কোনও রাস্তা নেই। আগে পরীক্ষা দেওয়ার কথা যেটা বলছেন সেটা কু-যুক্তি। গোটা নিয়োগ প্রক্রিয়া যেখানে দুর্নীতিগ্রস্ত, সেখানে এসব যুক্তি খাটে না।''
চাকরিহারাদের বরাভয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন, প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি আছে! সেই প্রসঙ্গে টেনে চাকরিহারাদের উদ্দেশে বিকাশের বার্তা, ''স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি করুন সম্মানের সঙ্গে। মমতা বা তৃণমূলের সঙ্গে সহমত করলে জীবনে সম্মান পাবেন না।''
এই বিষয়ে আবার আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, আসল ওএমআর শিট নেই, মিরর ইমেজ নেই। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তার জন্য পুরো প্যানেল কলুষিত হয়েছে তাই যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি। আর সেই কারণেই সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করেছিল, এখন রিভিউ পিটিশন খারিজ হল।