চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তা আরও এক দুর্নীতির আভাস দিচ্ছে বলে মনে করছেন বিকাশ ভট্টাচার্য।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ ভট্টাচার্য
শেষ আপডেট: 27 May 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: নবান্নে সাংবাদিক বৈঠক (Nabanna Press Meet) করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছেন, এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট (SSC Supreme Court) যে রায় দিয়েছিল তা মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তবে চাকরিহারাদের তাঁর এও আশ্বাসবার্তা, সরকার সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল (Review Petition) করে রেখেছে। সেই রিভিউ পিটিশনে যদি সদর্থক ফল পাওয়া যায়, তাহলে নতুন করে নিয়োগের বিষয়টিই আর থাকবে না। মমতার এই ঘোষণার পর রে রে করে উঠলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বললেন, মমতা আবার মিথ্যে কথা বলছেন।
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তা আরও এক দুর্নীতির আভাস দিচ্ছে বলে মনে করছেন বিকাশ ভট্টাচার্য। একইসঙ্গে, রিভিউয়ের যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন তা অর্থহীন বলে মত তাঁর। বর্ষীয়ান আইনজীবীর মন্তব্য, ''সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার নতুন করে নিয়োগ প্রক্রিয়া (SSC New Recruitment) শুরু করবে। সেখানে আর রিভিউয়ের প্রশ্ন থাকে নাকি? আর যাদের চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না, তিনি আবার বেআইনি পথে অন্য জায়গায় চাকরি দেওয়াবেন?'' বিকাশের কটাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিমবঙ্গকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিতে।
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৪ হাজার ২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪ হাজার ২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু বিকাশের প্রশ্ন, ''মমতা বলছেন চাকরিহারাদের চাকরি রক্ষা করবেন, কিন্তু কোন পথে? জনগণের পয়সা নিয়ে আবার দুর্নীতি করবেন?'' তাঁর স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আদতে পরিকল্পনা করছেন আরও বৃহত্তর এক মামলায় গোটা সমাজকে জড়িয়ে ফেলতে।
যতই যাই হোক, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা চাকরিহারাদের জন্য যে ভীষণ তাৎপর্যপূর্ণ তা খুবই পরিষ্কার। মমতা জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হবে। এবং ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে (SSC Teacher's Recruitment)।
পর্যবেক্ষকদের অনেকের মতে, সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থই হল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৪ হাজার ২০৩ জনের চাকরি সরকারি ভাবে বাতিল হয়ে যাওয়া। কারণ শীর্ষ আদালত সেই নির্দেশই দিয়েছিল। তবে সরকার এই ঘোষণা করার ফলে চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা আরও হতাশ হয়ে পড়তে পারেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে বোঝাতে চেয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা ছাড়া সরকারের কাছে উপায় ছিল না।