শুনানির মাঝেই আদালতও স্পষ্ট প্রশ্ন তোলে। বিচারপতির মন্তব্য, “আপনার বক্তব্য কি এই যে বিধানসভায় শাসক দলের অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন আছে, কিন্তু বিরোধী দলের নেই? নিরাপত্তার মানদণ্ড কি আলাদা হবে?”

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 December 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভায় (Bidhansabha) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নিরাপত্তারক্ষীদের প্রবেশ-সংক্রান্ত নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) বিরুদ্ধে দায়ের হয়েছে আদালত-অবমাননার মামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সেই মামলার শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতিরা। মামলাকারীর দাবি - স্পিকার যা বলেছেন, তা যেন হলফনামা আকারে আদালতে জমা দেওয়া হয়।
স্পিকারের পক্ষে আইনজীবী শুরু থেকেই মামলার বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, “এই মামলা গ্রহণযোগ্য নয়। বিধানসভার নিরাপত্তা (Bidhansabha Security) সংক্রান্ত বিষয়ে আদালতের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।” তাঁর আরও দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari) কোনও সাংবিধানিক পদাধিকারী নন; মুখ্যমন্ত্রী, স্পিকার বা প্রধানমন্ত্রীই সাংবিধানিক পদে অধিষ্ঠিত।
এর পাল্টা প্রশ্ন ওঠে মামলাকারী আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের পক্ষ থেকে । তিনি জানতে চান, “তাহলে কি মুখ্যমন্ত্রী (CM) আলাদা সাংবিধানিক সুবিধা পাবেন? মুখ্যমন্ত্রী কি বিধায়ক (MLA) নন? বিধায়কদের জন্য এক নিয়ম, আর মুখ্যমন্ত্রীর জন্য অন্য নিয়ম কেন?”
শুনানির মাঝেই আদালতও স্পষ্ট প্রশ্ন তোলে। বিচারপতির মন্তব্য, “আপনার বক্তব্য কি এই যে বিধানসভায় শাসক দলের (TMC) অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন আছে, কিন্তু বিরোধী দলের নেই? নিরাপত্তার মানদণ্ড কি আলাদা হবে?”
বিল্বদল ভট্টাচার্যের দাবি, স্পিকার নিজের সম্পূর্ণ অবস্থান লিখিতভাবে উপস্থাপন করুন। আদালতে যেন হলফনামা জমা দেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৬ জানুয়ারি।
বিধানসভার স্পিকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ ছিল, বিধানসভায় নিরাপত্তারক্ষী প্রবেশ নিষিদ্ধ হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই। সেই অনুযায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত ১ সেপ্টেম্বর নির্দেশিকাও জারি করেন। কিন্তু তাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন- মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না।
শুভেন্দুর মতে, স্পিকার মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন। শুধু তাই নয়, আদালতে শুভেন্দুর আইনজীবী আবেদন জানিয়েছেন, ঘটনার প্রমাণ হিসেবে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক হাইকোর্ট।