তবে কোন নেতা ডেকেছেন তা স্পষ্ট করেননি দিলীপ।

রাজধানীর পথে সস্ত্রীক দিলীপ ঘোষ।
শেষ আপডেট: 9 July 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি মাথায় করে বুধবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লির (Delhi) পথে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রাজধানী যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ষীয়ান বিজেপি নেতা (BJP) বললেন, "ডেকেছেন দলের বড় নেতা। তাঁদের সঙ্গে আলোচনাই মূল উদ্দেশ্য।" বাংলায় কীভাবে দলের আরও বিকাশ ঘটানো যা্য়, তা নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতা। তবে কোন নেতা ডেকেছেন তা স্পষ্ট করেননি দিলীপ।
সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। একদিন আগেই দলের নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে তাঁর একান্ত সাক্ষাৎ হয়েছে। তারপরেই এই দিল্লি সফর। এবং সফরের মুখে দিলীপের এই 'বড় নেতা ডেকেছেন', সব মিলিয়ে রাজনৈতিক মহলে জোর কৌতূহল, দিলীপ কে কি তবে আবার দেখা যাবে পুরনো মেজাজে? তিনি কি আবার কোনও পদ পেতে চলেছেন?
যার জবাবে দিলীপ বলেছেন, "পুরনোরা রক্ত-ঘাম দিয়ে দল গড়েছেন, তাঁদের গুরুত্ব থাকা উচিত। ক্ষমতার কাছাকাছি এলে অনেকেই আসে। সবাই আদর্শ নিয়ে আসে না। তাই সবাইকে নিয়েই চলতে হবে। পরিবেশ পজিটিভ করতে হবে।"
সাম্প্রতিক অতীতে দিলীপ ঘোষকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কখনও তাঁকে তৃণমূলে পাঠানোর গুজব, তো কখনও নতুন কোনও রাজনৈতিক শিবির গঠনের কথা। সেই সব জল্পনায় জল ঢালার পাশাপাশি নাম না করে কটাক্ষ ছুঁড়ে দিলেন অপপ্রচারকারীদের দিকে। বললেন, "যাঁরা আমাকে তৃণমূলে পাঠিয়েছিলেন, নতুন দলের নেতা বানিয়েছিলেন, তাঁরা নিশ্চয় খুব কষ্টে আছেন এখন। কাল রাত থেকে আবার মিটিং চলছে কীভাবে নতুন ফান্ডা বের করা যায়।"
একই সঙ্গে দিলীপ এও বলেন, "দলের সঙ্গে আমার কোনও দেওয়া-নেওয়ার সম্পর্ক নয়। কারও কাছে রাজনীতি পেশা, কারও কাছে কাজ। আমার কাছে এটা মিশন। দল দায়িত্ব দিয়েছে, আমি পালন করেছি। এখনও দলের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।"
আপাতত স্ত্রীকে নিয়ে রাজধানীতে ঘোষবাবু। দিল্লি থেকে ফেরার পর তাঁর ভূমিকা কী হয়, তা নিয়ে নতুন করে জল্পনা রাজনৈতিক মহলে।