শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার নির্দিষ্ট সময় বজায় রেখেই ছাত্রছাত্রীদের যাতে বাড়তি চাপ নিতে না হয়, তাই প্রশ্নপত্র আগেই দেওয়ার সিদ্ধান্ত।”
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 December 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে বড়সড় পরিবর্তন (Higher Secondary)। পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় আগেভাগেই দেওয়া হবে প্রশ্নপত্র ও ওএমআর শিট (Question papers will be available 10 minutes earlier)।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে প্রশ্নপত্র। তবে এই সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষা বিকাশ ভবনের চূড়ান্ত অনুমতির।
সম্প্রতি শেষ হওয়া তৃতীয় সেমেস্টারের পরীক্ষা ঘিরে উঠেছিল অভিযোগের ঢেউ—বিশেষত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষায় সময়সঙ্কটে পড়েছিল বহু পড়ুয়া। তাদের দাবি, কিছু বিষয়ে অতিরিক্ত সময় না পাওয়ায় উত্তর লেখা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সেই চাপেই শিক্ষা সংসদ পরীক্ষার কাঠামোয় আনছে পরিবর্তন।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। এই সেমিস্টারে সব প্রশ্নই বর্ণনামূলক। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা। কিন্তু ৯.৫০-এ পরীক্ষার্থীর হাতে থাকবে প্রশ্নপত্র, যাতে প্রশ্ন পড়ে পরিকল্পনা করে লেখার জন্য অতিরিক্ত সময় পায় পড়ুয়ারা।
শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার নির্দিষ্ট সময় বজায় রেখেই ছাত্রছাত্রীদের যাতে বাড়তি চাপ নিতে না হয়, তাই প্রশ্নপত্র আগেই দেওয়ার সিদ্ধান্ত।”
পরীক্ষার দিনই দ্বিতীয় পর্বে নেওয়া হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, যা সম্পূর্ণ হবে ওএমআর-ভিত্তিক। দুপুর ১টা থেকে ২.১৫—এই সময় নির্ধারিত। এখানেও ১২.৫০-এ দেবে ওএমআর শিট, যাতে আগে থেকেই উত্তরপত্রের খুঁটিনাটি দেখে নিতে পারে পরীক্ষার্থীরা।
যদিও পরীক্ষা নেওয়ার মোট সময়সীমায় কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে সংসদ। তৃতীয় সেমিস্টার আগের মতোই ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টার ২ ঘণ্টা। পুরনো পরীক্ষার্থীরা আগের নিয়মেই ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন। পরীক্ষা-পদ্ধতিতে এই রদবদল পড়ুয়াদের আর একটু স্বস্তি দেবে বলেই মনে করছে শিক্ষা মহল।