ভোলা ঘোষ বহু দিন ধরেই শাহজাহান সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিচ্ছিলেন।
.jpeg.webp)
অভিযোগের নিশানায় জেলবন্দি শেখ শাহজাহান।
শেষ আপডেট: 10 December 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali) জেলবন্দি শেখ শাহজাহানের (Shahjahan case) বিরুদ্ধে চলা মামলার অন্যতম সাক্ষী তিনি। বুধবার সকালে ওই মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ ( Bhola Ghosh)।
দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলার ছেলে এবং গাড়ির ড্রাইভারের। গুরুতর জখম ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন ভোলানাথ। গাড়িটি চালাচ্ছিলেন চালক। বয়ারমারির পেট্রোলপাম্পের কাছে ভোলার গাড়িকে সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি লরি। শুধু তাই নয়, ধাক্কা মারার পর লরির চালক একটি বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ স্থানীয়দের। স্বভাবতই, দুর্ঘটনা ঘিরে এলাকায় জল্পনা আরও বাড়ছে।
ভোলা ঘোষ বহু দিন ধরেই শাহজাহান সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিচ্ছিলেন। বিরোধী শিবিরের দাবি ছিল, শাহজাহান জেলে থেকেও স্থানীয়দের ভয় দেখাতে তাঁর অনুগামীদের ব্যবহার করছেন।
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং গত ভোটে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁদের অভিযোগ, "এটি পরিকল্পিত খুনের ঘটনা। জেল থেকে শাহজাহান যে সন্দেশখালি নিয়ন্ত্রণ করছে, তা আমরা আগেই বলেছিলাম। এ ঘটনা আবারও সেটাই প্রমাণ করল। ভোলানাথ ঘোষকে মেরে ফেলায় ওদের উদ্দেশ্য ছিল।" পুলিশ অবশ্য জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কে এই ভোলানাথ ঘোষ?
সূত্রের খবর, ভোলানাথ একসময় শাহজাহানের সঙ্গী ছিলেন। পরে শাহজাহানের অনৈতিক কাজকর্মের বিরোধিতা করেন। যে কারণে রাতের অন্ধকারে ভোলার বাড়িতে দুষ্কৃতী দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এমনকী শাহজাহান ও তার দলবলের ভয়ে দীর্ঘদিন এলাকা ছাড়াও ছিলেন তিনি। শাহজাহান গ্রেফতার হওয়ার পর এলাকায় ফিরেছিলেন ভোলা। সন্দেশখালিতে শাহজাহানের জোরজুলুমের বিরুদ্ধে সরবও হন। ইডির মামলাতে তিনি অন্যতম সাক্ষীও। অভিযোগ, আদালতে শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার জন্য তাঁর এবং তাঁর পরিবারের ওপরে চাপ তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ।