রবিবার দুপুরে ২টো নাগাদ ভাটপাড়ার ৬ নং ওয়ার্ডে রেল কোয়ার্টার সংলগ্ন এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী বাইকে করে এসে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 January 2026 10:44
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই অশান্ত হয়েছে ভাটপাড়া (Bhatparaa Firing)। গত রবিবার দুপুরে হঠাৎ একদল দুষ্কৃতী এসে গুলি চালায়। পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ। কেউ আহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ২টো নাগাদ ভাটপাড়ার (Bhatpara Firing Main Accused Arrested) ৬ নং ওয়ার্ডে রেল কোয়ার্টার সংলগ্ন এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী বাইকে করে এসে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায়।
পুলিশ ইতিমধ্যেই ছ'জনকে গ্রেফতার করেছে। তাঁদের জেরা করেই মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে বাবু সোনার (Babu Sona) নাম। মঙ্গলবার সেই যুবককে গ্রেফতার করল পুলিশ।
তদন্তে উঠে এসছে জুয়ার ঠেকের দখল নিতেই ভরদুপুরে গুলি চালানো হয়েছিল। সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এলাকায় তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয়, বিকাশ ঘোষ, ঝন্টু দাস, বিপ্লব, সুমিতা বিশ্বাস, সানি যাদবকে।
এই সানি যাদব (Sunny Yadav) ওরফে মোগলি জগদ্দলের এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এবার পুলিশের জালে মূল অভিযুক্ত সুশান্ত পাল ওরফে বাবু সোনা।
তদন্তে পুলিশ জানতে পারে, এলাকায় বেআইনি জুয়া আর সাট্টার দখলদারি নিয়ে মোগলির গ্যাং এবং বাবুসোনার গোষ্ঠীর মধ্যে টানাপড়েন চলছিল। সম্প্রতি বারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ বিশেষ হানা দিয়ে জুয়ার আড্ডা ভেঙে দেয় এবং কয়েকজনকে ধরেও ফেলে। সেই সুযোগে পুরনোদের সরিয়ে এক নতুন দল আবার ওই এলাকায় দখল নিতে চাইছিল। আর সেই নিয়ন্ত্রণ নিয়েই দুই পক্ষের মধ্যে তীব্র বিবাদ বাধে।
ঠিক এই সময়েই, গত ৩ জানুয়ারি রেলের এক ঠিকাদারের কাছে তোলা দাবি করে মোগলি। টাকা না পেয়ে তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। ওই ঘটনার পর থেকেই পুলিশ তাঁর খোঁজে ছিল।
এদিকে রবিবার দুপুরে বাবুসোনার দলবল বাইকে চড়ে এলাকায় ঢুকে আতঙ্ক ছড়াতে শূন্যে পরপর গুলি চালায়। লক্ষ্য ছিল মোগলির গ্যাংকে ‘শিক্ষা দেওয়া’।