তাঁর কথায়, "পানিহাটি থেকে কালীগঞ্জ,বাংলা জুড়ে যা ঘটছে তাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত।"

কমিশনের চেয়ারম্যান অর্চনা মজুমদার।
শেষ আপডেট: 24 June 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জে (Kaliganj incident) বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নাবালিকা মৃত্যুর ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। একই সঙ্গে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করলেন কমিশনের চেয়ারম্যান অর্চনা মজুমদার।
সম্প্রতি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার টোপ দিয়ে নিয়ে গিয়ে বেশ কয়েক মাস আটকে রেখে পানিহাটির একটি তরুণীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল। অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খানকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। ওই নির্যাতিতার সঙ্গে দেখা করতে এদিন পানিহাটিতে এসেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান।
সেখানেই রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্চনাদেবী। তাঁর কথায়, "পানিহাটি থেকে কালীগঞ্জ,বাংলা জুড়ে যা ঘটছে তাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত।"
সোমবার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের খবরে উদ্বেল হয়ে ওঠেন কর্মী সমর্থকরা। এই বিজয় উল্লাসই হাহাকার ডেকে আনে হোসেন শেখের পরিবারে। দুপুরে তাঁর দশবছরের মেয়ে যখন বসে ভাত খাচ্ছিল, তখনই বিজয়মিছিল থেকে তাঁদের বাড়িতে বোমা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করলেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার।
ঘটনার জন্য রাজ্যের সরকারকে দায়ী করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বলেন, "ভোটে হার জিত রয়েছে, সেটা পালন করেন রাজনৈতিক দলগুলি। কিন্তু এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না।"