
শেষ আপডেট: 18 October 2023 14:18
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে গনপিটুনিতে নিহত বাংলার দুই শ্রমিকের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, পরিবার চাইলে সিআইডিকে দিয়ে তদন্তে করে খুনের ঘটনার বিহিত করবে রাজ্য।
এদিন ভার্চুয়াল মাধ্যমে একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই একথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, “কালনার দুটি ছেলেকে গুজরাটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারকে বলব, যে আপনারা স্থানীয় থানায় এফআইআর করুন। আমি কেসটা সিআইডিকে দেব।”
নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই বিচার হোক। আমাদের রাজ্যেও যেমন পরিযায়ী শ্রমিকরা কাজ করেন তেমন অন্য রাজ্যে আমাদের অনেকে যান। এমন ভাবে হত্যা করাকে ধিক্কার জানাই।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই রাজ্যের গোয়েন্দা দফতরকে দিয়ে তদন্ত করে খুনের রহস্যের কিনারা করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
পূর্ব বর্ধমানের কালনার নতুনচর গ্রাম থেকে গুজরাটে কাজের সন্ধানে গিয়েছিল সুমন শেখ (১৬) এবং রাহুল শেখ (১৮)। বৃহস্পতিবার তাদের পিটিয়ে মারা হয় বলে অভিযোগ পরিবারের লোকজনের। তাঁরা জানান, মৃত সুমন ও রাহুল রাজকোটের বহভানাগর রোডে একটি গয়নার দোকানে গয়না তৈরির কাজ করতেন।
সম্প্রতি সেই দোকান থেকে কিছু রুপো চুরি যায়। তাতে এই দু’জনের উপর সন্দেহ হয় দোকান মালিকের। এরপরই পাঁচ-ছ’জন মিলে সুমন ও রাহুলকে দোকানের গোডাউনে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর জখম হয়ে ওখানেই মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে দোকান মালিক-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মাত্র এক মাস আগে রাজকোটে গয়না তৈরির কাজ করতে গিয়েছিলেন দু’জনে। দু’জনেরই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। ছেলের মৃত্যুর পর সুমন শেখের বাবা নিজাম শেখ বলেন, “আমার ছেলে যদি সত্যিই চুরি করত, ওকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে পারত। আইন ওকে শাস্তি দিত। কিন্তু ওঁরা তো আমার ছেলেকে পিটিয়ে মেরেই ফেলল। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” এবার এই বিষয়েই সিআইডি তদন্তের ইঙ্গিত দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।