বর্তমানে তিনি সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন (Migrant Labour from West Bengal Hospitalized)।

ছবি এআই
শেষ আপডেট: 22 February 2026 16:41
দ্য ওয়াল ব্যুরো: ভিন্রাজ্যে কাজে গিয়ে ফের রক্ত ঝরল বাংলার শ্রমিকের (Migrant Worker Attack)। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। মালদহের কালিয়াচকের এক যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। মালদহের (Malda Migrant Worker) কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা সৈয়দ শেখ গত ন’বছর ধরে ভিন্রাজ্যে কাপড় বিক্রির কাজ করেন। পরিবারের অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি সাগর জেলার একটি গ্রামে একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। বাংলায় কথা বলার কারণেই তাঁকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেওয়া হয় এবং ছুরি দিয়ে পেটে ও হাতে কোপানো হয়। বর্তমানে তিনি সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন (Migrant Labour from West Bengal Hospitalized)।
পাশে দাঁড়াল পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ
ঘটনাটি জানাজানি হতেই তৎপর হয়েছে রাজ্য সরকার (WB Govt)। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) জানান, শনিবার রাতেই তাঁরা খবরটি পেয়েছেন। সামিরুল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা আক্রান্ত যুবকের চিকিৎসার সব রকম ব্যবস্থা করেছি। স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সৈয়দ শেখ একটু সুস্থ হলেই তাঁকে এ রাজ্যে ফিরিয়ে আনা হবে এবং বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।”
‘বাংলাভাষী’ হওয়ার মাশুল?
তৃণমূলের দাবি, ভিন্রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হামলার ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসেই মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতোকে খুনের অভিযোগ উঠেছিল। সেই সময়েও তৃণমূল অভিযোগ তুলেছিল যে, ‘বাংলাভাষী’ হওয়ার কারণেই প্রাণ দিতে হয়েছে সুখেনকে। সেই ঘটনায় সরাসরি সুখেনের বাড়িতে গিয়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Abhishek Banerjee)।
মালদহের সৈয়দ শেখের পরিবারের দাবি, মাস দুয়েক আগেই বাড়ি থেকে কাজে ফিরেছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রদেশের গ্রামে কাজ করতে গিয়ে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি তাঁরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি মধ্যপ্রদেশ পুলিশ।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ভিন্রাজ্যে বাংলাভাষীদের ওপর এই হামলাকে হাতিয়ার করে রাজ্য ও জাতীয় স্তরে বিজেপি-শাসিত রাজ্যগুলির দিকে আক্রমণের ধার বাড়াতে চলেছে জোড়াফুল শিবির।