তদন্তে জানা গেছে, সত্যজিৎ নামের ওই ব্যক্তি বিভিন্ন জেলার মধ্যে ছড়িয়ে থাকা অস্ত্রপাচার চক্রের সঙ্গে যুক্ত।

উদ্ধার করা অস্ত্র (বাঁদিকে) ডানদিকে ধৃত সত্যজিৎ ঘোষ
শেষ আপডেট: 1 June 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: আবারও বাংলা থেকে অস্ত্র উদ্ধার। গতকাল, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার একটি হোটেলে তল্লাশি চালিয়েছিল বেঙ্গল এসটিএফ (Bengal Special Task Force)। পাওয়া গেছে বেআইনি পিস্তল ও ম্যাগাজিন। এই ঘটনায় বিহারের ভাগলপুরের অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর কোর্টে (Bidhannagar Court) নিয়ে যাওয়া হলে তার ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছিল বেঙ্গল এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীন মুর্শিদাবাদের নিউ ফরক্কা বাসস্ট্যান্ডের কাছে হোটেল রজনীগন্ধা থেকে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ওই বেআইনি অস্ত্র। জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম সত্যজিৎ ঘোষ (৪২)। বিহারের ভাগলপুর অঞ্চলে তার বাড়ি।
চারটি ৭.৬৫ ক্যালিবারের সেমি অটোমেটিক পিস্তল, চারটি পিস্তল ম্যগাজিন উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে। এই ঘটনায় বেঙ্গল এসটিএফ-এর সল্টলেকের হেডকোয়ার্টার থানায় বেআইনি অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের দায়ভার নিয়েছে বেঙ্গল এসটিএফ।
তদন্তে জানা গেছে, সত্যজিৎ নামের ওই ব্যক্তি বিভিন্ন জেলার মধ্যে ছড়িয়ে থাকা অস্ত্রপাচার চক্রের সঙ্গে যুক্ত। দেখাসাক্ষাৎ করে কিছু লোকের কাছে অস্ত্র বেচার উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদে এসেছিল এবং ওই হোটেলেই থাকছিল সে। সূত্র মারফত খবর আসে পুলিশের কাছে, আচমকা হানা দিতে সেখান থেকেই সে ধরা পড়ে স্পেশাল টাস্ক ফোর্সের জালে। বিহার থেকে অস্ত্র বাংলায় আসার ঘটনা আগেও ঘটেছে। বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জোরকদমে তদন্ত চলছে।