মঙ্গলবার সোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা।

উদ্ধার হওয়া অস্ত্র
শেষ আপডেট: 14 May 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের পাশাপাশি জঙ্গিদের খোঁজে আলাদা করে তল্লাশি অভিযানও চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। তার নাম দেওয়া হয়েছে 'অপারেশন কেল্লার' (Operation Keller)। ইতিমধ্যে এই অভিযানের মাধ্যমে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ানে পুলিশ ও সেনার যৌথ টিম ৩ লস্কর জঙ্গিকে খতম করেছে। এবার উদ্ধার হল বিপুল অস্ত্র।
মঙ্গলবার সোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। তার মধ্যে রয়েছে রাইফেল, গ্রেনেড, বেশ কয়েকটি বন্দুক এবং কয়েকটি ব্যাগ। জঙ্গিদের ব্যবহার করা টাকার ব্যাগও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যে ৩ লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছে এই ব্যাগ তাদের হতে পারে বলে অনুমান। তবে সেনার সন্দেহ, আরও বেশ কয়েকজন জঙ্গি উপত্যকায় লুকিয়ে রয়েছে। তবে অস্ত্র উদ্ধার হওয়ায় তাদের ক্ষতি হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে সোপিয়ানের জিনপাথের কেল্লারে জঙ্গল ঘেরা এলাকায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে। দ্রুত তল্লাশি অভিযান শুরু হয়। সেই সময়েই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু'পক্ষের গুলির লড়াইতে খতম হয় তিন জঙ্গি। তারা পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য।
গত ১০ মে, শনিবার বিকেল ৫টায় ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার ৫১ ঘণ্টা পর সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করেই বলেছিলেন, 'অপারেশন সিঁদুর' বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর তাঁরা নজর রাখছেন। তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেব। এরপরই দেখা জঙ্গি নিধনে 'অপারেশন কেল্লার' শুরু করেছে ভারতীয় সেনা।
যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও পাকিস্তান স্বভাব বদলায়নি। সীমান্তে লাগাতার হামলা করেছে পাক সেনা। পাল্টা জবাবও দিয়েছে ভারত। এমনকী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের পরেও এলওসি-তে আক্রমণ করা হয়েছিল। ফের ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে তা প্রতিহত করা হয়েছে। ঠিক একদিন পর (মঙ্গলবার) কাশ্মীরেই তিন জঙ্গিকে মেরে কার্যত কড়া বার্তা দিয়েছে ভারত।