সোমবার জেইই অ্যাডভান্সড ২০২৫-এর ফলাফল প্রকাশ হয়েছে। আর এই পরীক্ষায় আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি।

মমতা বন্দোপাধ্যায়
শেষ আপডেট: 2 June 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: সোমবার জেইই অ্যাডভান্সড ২০২৫-এর ফলাফল প্রকাশ হয়েছে। আর এই পরীক্ষায় আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বর্ধমানের মেয়ে গোটা বাংলা এবং দেশের গর্ব।
মোট ৩৬০-এর মধ্যে দেবদত্তার প্রাপ্ত নম্বর ৩১২। 'কমন' তালিকায় তিনি ১৬ নম্বর স্থানে রয়েছেন। যদিও তাঁর এই সাফল্য শুধু এই ক্ষেত্রে নয়। ২০২৩ সালের মাধ্যমিকে ৬৯৭ নম্বর এবং জয়েন্ট এন্ট্রান্স মেনস-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০ এনটিএ স্কোর করে রাজ্যের মধ্যে সেরা হয়েছিলেন দেবদত্তা। মুখ্যমন্ত্রী তাঁর প্রশংসায় লিখেছেন, "তুমি যা করেছ তাতে বাংলা তথা দেশের গর্ব বোধ হচ্ছে। এক কথায়, দেশের টপার গার্ল তুমি। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা। তোমার বাবা - মা, শিক্ষক - শিক্ষিকাদেরও অভিনন্দন।"

গত ১৮ মে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর এই পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৪৪ হাজার ৯৭৪ জন ছাত্র এবং ৯ হাজার ৪০৪ জন ছাত্রী। প্রসঙ্গত, এই বছরের সর্বোচ্চ র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক ১ (AIR 1), করেছেন দিল্লি জোনের রাজিত গুপ্তা। ৩৬০ নম্বরের মধ্যে পেয়েছেন ৩৩২ নম্বর।
যাঁরা এই পরীক্ষায় যোগ্য হয়েছেন, তাঁরা এখন JoSAA 2025 কাউন্সেলিং প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবেন। JoSAA (Joint Seat Allocation Authority) হল IIT, NIT, IIIT এবং অন্যান্য সরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানে আসন বরাদ্দের যৌথ প্ল্যাটফর্ম। JoSAA 2025 রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং শুরু হবে ৩ জুন থেকে।