তদন্তে ব্যাঘাত ঘটছে বলে দাবি এনআইএ-র। এবার তদন্তকারীরা নিজেরাই অভিযুক্তদের কলকাতায় নিয়ে যেতে চায়। অপেক্ষা এখন কেবল আদালতের অনুমতির।
.jpg.webp)
বেলডাঙা অশান্তি
শেষ আপডেট: 19 February 2026 16:58
দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙাকাণ্ডে ধৃতদের কলকাতায় আদালতে পেশ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA in Beldanga Case)। এর জন্য রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়ার অনীহাকেই দায়ী করেছেন তদন্তকারীরা। এবার তাই নিজেরাই ধৃতদের এসকর্ট করে কলকাতায় (Kolkata) অভিযুক্তদের নিয়ে যেতে চায় তারা, ইতিমধ্যেই আদালতের কাছে এই বিষয়টিও উল্লেখ করেছে।
এনআইএ-র অভিযোগ, বেলডাঙাকাণ্ডে (Beldanga Case) অভিযুক্তদের আদালতে পেশ করার সময় রাজ্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না। এর আগেও দু'বার ধৃতদের কলকাতায় নিয়ে আসা যায়নি। গত শুনানিতে ভার্চুয়ালি তাঁদের আদালতে পেশ করা হয়েছিল।
তবে এর ফলে তদন্তে ব্যাঘাত ঘটছে বলে দাবি এনআইএ-র। এবার তদন্তকারীরা নিজেরাই অভিযুক্তদের কলকাতায় নিয়ে যেতে চায়। অপেক্ষা এখন কেবল আদালতের অনুমতির।
গত ১২ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলা পুলিশ ‘রেডিওগ্রাম’-এর মাধ্যমে জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) শুরু হওয়ায় পর্যাপ্ত পুলিশবাহিনী পাওয়া যাচ্ছে না। তাই এসকর্ট দেওয়া সম্ভব নয়। এরপরও একাধিকবার বলা হলেও নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ, এই অভিযোগেই অনড় জাতীয় তদন্তকারী সংস্থা।
কী নিয়ে বেলডাঙা মামলা?
চলতি বছরের জানুয়ারির শুরুতে মুর্শিদাবাদ (Murshidabad) জেলাজুড়ে উত্তেজনা ছড়ায় এক শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, খুন করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মৃতদেহ এলাকায় পৌঁছতেই বিক্ষোভ বাড়তে থাকে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ থেকে শুরু করে রেললাইন আটকে দেওয়া- পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শিয়ালদহ–লালগোলা শাখার (Sealdah-lalgola Train) মহেশপুরের কাছে রেললাইনে বাঁশ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। বাঁশে ঝোলানো ছিল মৃতদেহের ছবি। পুলিশ পৌঁছনোর পর উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। সাংবাদিকরাও আক্রান্ত হন।
ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তভার চলে যায় এনআইএ-র হাতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দেয়, এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা এনআইএ।
তদন্ত শুরু হওয়ার পর থেকেই এনআইএ-র (NIA) দাবি, অভিযুক্তদের আদালতে পেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে রাজ্য। এই অবস্থায় এনআইএ (NIA) সূত্রে আশঙ্কা, অভিযুক্তদের উপস্থিতি ছাড়া মামলার অগ্রগতি বারবার থমকে যাচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তদের হাজিরা না হওয়ায় অসহযোগিতার অভিযোগ ফের জোরালো হচ্ছে।