কথাবার্তায় একাধিক অসঙ্গতি থাকায় প্রথমে সানোয়ারাকে এবং পরে ইকবালের কাকা বাপুজি বক্সকে গ্রেফতার করে পুলিশ।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 16 June 2025 22:39
দ্য ওয়াল ব্যুরো: কাকার সঙ্গে সৎমার ঘনিষ্ঠতা দেখে ফেলার কারণেই দাঁতনে (Datan) নাবালককে 'খুন' (Unnatural Death)! মুম্বই থেকে দাঁতনে এসে পুলিশের কাছে এমনই গুরুতর অভিযোগ এনেছেন মৃত ১৩ বছরের ইকবাল বক্সের মা খুশবু।
তাঁর অভিযোগ,'ইকবালের কাকা ও সৎমার পরকীয়া জেনে ফেলেছিল ইকবাল, তাই তাকে পরিকল্পিতভাবে ওকে খুন করা হয়েছে'। সূত্রের খবর, তদন্তে নেমে পুলিশও এ ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছে। এ ব্যাপারে আরও নিশ্চিত হতে ইকবালের কাকা ও সৎমাকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা রয়েছে পুলিশের।
ইকবালের মা খুশবু পুলিশকে জানিয়েছেন, রবিউলের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের পর বড় ছেলে তাঁর কাছে থাকত। আর ছোট ছেলে রবিউলের কাছে। এদিকে বিবাহবিচ্ছেদের পরে রবিউল সানোয়ারাকে বিয়ে করেন। ছোট ছেলে তাঁদের কাছেই থাকত।
গত সপ্তাহে হস্টেল থেকে বাড়ি ফিরেছিল ইকবাল। এরপরই গত শনিবার সকালে বাড়ি থেকে তার নলিকাটা দেহ উদ্ধার হয়। সৎ মা সানোয়ারা বিবি সে সময় দাবি করেছিলেন, ঘুমের ঘোরে খাটে দাঁড়িয়ে পড়ার ফলে সিলিং ফ্যানের ব্লেডে গলা কেটেছে নাবালকের।
কথাবার্তায় একাধিক অসঙ্গতি থাকায় প্রথমে সানোয়ারাকে এবং পরে ইকবালের কাকা বাপুজি বক্সকে গ্রেফতার করে পুলিশ। এবার মৃত নাবালকের মায়ের অভিযোগ, কাকা ও সৎমায়ের পরকীয়া দেখে ফেলার ফলেই তাঁর ছেলেকে এভাবে মেরে ফেলা হল।