বিরিয়ানি-খ্যাত ব্যারাকপুরে এখন আলোচনার কেন্দ্রে স্বাদ নয়, সম্পর্কের তিক্ততা!

গ্রাফিক্স-শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 30 January 2026 16:23
ব্যারাকপুরের বিরিয়ানি (Barrackpore Biryani) মানেই আলাদা খ্যাতি। কিন্তু এ বার সেই বিরিয়ানি-বিক্রেতার ঘরোয়া কেচ্ছা পৌঁছে গেল থানার দোরগোড়ায় (Barrackpore biryani owner's domestic dispute at police station)। অভিযোগ-পাল্টা অভিযোগে জট পাকিয়ে গেল এক প্রসিদ্ধ বিরিয়ানি মালিকের পারিবারিক সম্পর্ক। ঘটনায় গ্রেফতার হয়েছেন একদিকে গাড়ির চালক, অন্যদিকে স্বামী নিজেও।
অভিযোগের সূত্রপাত অনির্বাণ দাসের তরফে। ব্যারাকপুরের পরিচিত বিরিয়ানি বিক্রেতা অনির্বাণের দাবি, তাঁর স্ত্রী শ্রমনা দাসকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল তাঁদেরই গাড়ির চালক সমীর সেন। শুধু তাই নয়—দিঘা ও পুরী ঘুরে ফিরে স্ত্রীকে নিয়ে মুম্বই পালানোর ছকও কষা হয়েছিল বলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে গ্রেফতার করে চালক সমীর সেনকে।
কিন্তু নাটকের মোড় ঘোরে দ্রুতই। স্ত্রীকে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে স্বয়ং বিরিয়ানি মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধেই। শ্রমনা দাস পুলিশের কাছে অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছেন তাঁর স্বামী। তাঁর দাবি, “অনেক মারধর সহ্য করেছি। সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি মারধর করে আমার হাত ভেঙে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিই, আর ওর সঙ্গে থাকব না। এখন ড্রাইভারের নামে মিথ্যে মামলা করে আমাকেও কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।”

শ্রমনার অভিযোগ এখানেই শেষ নয়। তিনি জানান, এদিন থানায় এসে পুলিশের সামনেই চুলের মুঠি ধরে তাঁকে মারধর করেন অনির্বাণ। “পুলিশ না বাঁচালে আরও মারতো,” অভিযোগ তাঁর। এই বউ-পেটানোর অভিযোগের ভিত্তিতেই পুলিশ অনির্বাণ দাসকেও গ্রেফতার করে।
এদিকে অনির্বাণের পাল্টা অভিযোগ, পরিবারের সোনা নিয়ে স্ত্রী ড্রাইভারের সঙ্গে মুম্বই পালানোর পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তিনি নাকি এয়ারপোর্টের আগেই তাঁদের আটকান। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রমনা। তাঁর সাফ প্রশ্ন, “কেন সোনা নেব? যেগুলো আমার বাবা দিয়েছিলেন, সেগুলো কি অন্যের? আমার নামে অজস্র সোনার বিল আছে।”
দিঘা-পুরী যাওয়া প্রসঙ্গে শ্রমনার বক্তব্য আরও তীব্র, “আমি দিঘা, পুরী যেতেই পারি। কিন্তু ড্রাইভারের সঙ্গে গিয়েছি—এটা প্রমাণ করতে হবে। আমিও চাইলে অনেক কিছু বলতে পারি। এতদিন বলিনি। এবার যদি বলতে শুরু করি, ও পালাবার পথ পাবে না।”
শ্রমনার আনা অভিযোগের বিষয়ে অনির্বাণ দাসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই অনির্বাণ দাস ও সমীর সেন—দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে।
বিরিয়ানি-খ্যাত ব্যারাকপুরে এখন আলোচনার কেন্দ্রে স্বাদ নয়, সম্পর্কের তিক্ততা!