
গুসকরা ফাঁড়ির পুলিশ দুই তরুণীকে উদ্ধার করে
শেষ আপডেট: 10 July 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: প্রশাসনের লাগাতার প্রচার চলছে। তবুও বারবার সামনে আসছে মানুষের অসহিষ্ণু মুখ। গ্রাম হোক কী শহর, গুজব থামার লক্ষ্মণ নেই।
বুধবার আউশগ্রামের কয়রাপুর গ্রামে কম্পিউটার প্রশিক্ষণের কোর্সের জন্য পড়ুয়াদের কাউন্সেলিং করতে গিয়ে হেনস্থার শিকার হলেন দুই তরুণী। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা দুই মহিলাকে আটক করে হেনস্থা করে। খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দুই তরুণী দুর্গাপুরের একটি কম্পিউটার প্রশিক্ষণ সংস্থার অধীনে কাজ করেন। তাঁরা কয়রাপুর গ্রামে সার্ভে করার পাশাপাশি পড়ুয়াদের মোটিভেট করতে গিয়েছিলেন। কিন্তু এলাকার মানুষ অচেনা। তাই তারা ছেলেধরা ভেবে তাদের হেনস্থা শুরু করেন।
গ্রামের বাসিন্দা জয়দেব দাস বলেন, "এটা খুব খারাপ হচ্ছে। অচেনা মানেই সে খারাপ, ছেলেধরা। এ আবার কী ধরনের সংস্কৃতি।"
বুধবার দুপুরে দুই তরুণী কয়রাপুর গ্রামে একটি পাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কথা বলেন। কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে ছাত্রীকে বর্ধমান শহরে গিয়ে ক্লাস করার কথা বলা হয়। সঙ্গে কিছু নিয়মকানুনের কথা বলে অন্য পড়ুয়াদের সন্ধানে ঘুরতে শুরু করেন। এরপর ওই ছাত্রী পরিবারের লোকজনদের জানায়। পরিবারের লোকজন সন্দেহ করেন ওই দুই অপরিচিত মহিলা ছাত্রীকে বর্ধমানে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। রটে যায় ছেলেধরা গুজব। দুই তরুণীকে ঘিরে ধরে হেনস্থা করেন গ্রামের মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুলিশ নিশ্চিত হয় যে ভুল কিছু বলেননি তাঁরা। সংস্থার লোকজনদের থানায় আসতে বলা হয়।