
শেষ আপডেট: 22 September 2024 20:51
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কলেজে ভর্তি হতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক ছাত্রী। এমনই অভিযোগ উঠেছে রানিগঞ্জের ত্রিবেনীদেবী ভলান্টিয়ার কলেজ কমার্সে। অভিযোগ, ওই ছাত্রী কলেজে প্রথমবর্ষের ভর্তি হতে এসেছিলেন। ভর্তি হওয়ার জন্য তাঁর কাছ থেকে টাকা চায় কয়েকজন। পরে কলেজ চত্বরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে শ্লীলহানি করে।
মেয়ের সঙ্গে হওয়া এমন ঘটনা জানতে পেরে ছাত্রীর বাবা-মা কলেজের টিচার ইনচার্জ মিলন মুখোপাধ্য়ায়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। টিচার ইনচার্জ জানিয়েছেন, তিনিও ওই অভিযোগপত্র পাওয়ার পরে থানায় যোগাযোগ করেন। গোটা বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে।
রানিগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে এক বিশেষ তদন্তকারী দলকে ওই কলেজে যান। কলেজ চত্বরে থাকা বিভিন্ন অংশে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেছেন। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, সে বিষয়েও তদন্ত শুরু করেছেন তারা।
শনিবার এনসিসি বিল্ডিং এর উপরতলায় ওই কলেজে ভর্তি হতে এসেছিলেন ওই ছাত্রী। তাঁর অভিযোগ,সেই সময়ে কয়েকজন তাঁর কাছে ভর্তির জন্য টাকা চায়। তাঁর শ্লীলতাহানি করে।