দ্য ওয়াল ব্যুরো: ভ্যারিয়েন্ট অব কনসার্ন । কেন্দ্র কোভিড ১৯ এর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে এই তকমা দিয়েছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নাকি বেশি, তা খুব দ্রুত ছড়ায় ও কিছু ভ্যাকসিনকে ঠেকাতেও সক্ষম বলে লোকের মনে প্রবল ভীতি, আতঙ্ক ছড়িয়েছে। তবে কোভিড আচরণবিধি ঠিকমতো মেনে চললে যে কোনও মাথাচাড়া দেওয়া ভ্যারিয়েন্ট থেকে আমরা নিরাপদ বলে আশ্বস্ত করলেন ডঃ রণদীপ গুলেরিয়া। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ওপর খুব বেশি তথ্য পাওয়া যায়নি যাতে বলা যায়, এটি বেশি সংক্রমণ ছড়ায়, যার ফলে বেশি লোক মারা যাবে বা তার ভ্যাকসিন রোধের ক্ষমতা তৈরি হয়েছে।
এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় অ্যাসট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের ডোজ ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হলে কোভিড ১৯ এর উত্স সার্স-কোভ-২ এর বিরুদ্ধে বেশি জোরদার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বলে দাবি করা হয়েছে। গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা বুস্টার ভ্যাকসিনেশনে ব্যবহৃত ভ্যাকসিনের চেয়ে মূল ভ্যাকসিনেশনের জন্য বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগের কার্যকারিতা নিয়ে কাজ করছেন। তাঁরা আবিষ্কার করেছেন, দুটি ভিন্ন ভ্যাকসিনের ডোজ মিশিয়ে দেওয়া হলে বেশি ইমিউনিটি তৈরি হয়। কিন্তু গুলেরিয়ার মত, কোভিড ১৯ ভ্যাকসিনের ডোজ মিশিয়ে দেওয়ার পলিসি নেওয়া উচিত, এটা বলার আগে আরও তথ্য দরকার।
প্রসঙ্গত, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট প্রথম চিহ্নিত হয় ১১ জুন। এটি ডেলা ভ্যারিয়েন্টেরই মিউটেটেড চেহারা। দুনিয়ার ১২টি দেশে এর হদিশ মিলেছে। ভারতে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সংক্রমণের খবর মিলেছে। দেশে এপর্যন্ত ৪৫ হাজার নমুনা পরীক্ষা করে মোট ৫১টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কেস সবচেয়ে বেশি। মহারাষ্ট্র সরকার ৫ দফার আনলক প্রক্রিয়ার বদলে আগের বিধিনিষেধগুলি ফিরিয়ে এনে ত্রিস্তরীয় নিষেধাজ্ঞা চালু করেছে।
সম্প্রতি ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের প্রধান ডঃ এন কে অরোরা জানান, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ফুসফুসের ক্ষতি করার ক্ষমতা বেশি, যদিও তার মানে এই নয়, এতে বড় রকমের রোগ হতে পারে বা এর সংক্রমণ ছড়ানোর শক্তি বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলেছে, একটি ভাইরাস জনসংখ্যার যত বেশি অংশের মধ্যে সংক্রমণ ছড়ায়, তার মিউটেশনের সম্ভাবনা তত বেশি। একটি ভাইরাস যত বেশি ছড়ায়, তা রূপ-চরিত্র তত বেশি বদলায়। এর বদলানোর ক্ষমতা বেড়ে যায়।