
থানার সামনে ধৃত সিভিক ভলান্টিয়ার
শেষ আপডেট: 28 September 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। এবার বর্ধমানের আউশগ্রামে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম রহমতুল্লা শেখ। আউশগ্রামের নৃপতিগ্রামে তাঁর বাড়ি। এলাকার এক বধূ ওই ব্য়ক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। এরপরেই শুক্রবার রাতে গ্রেফতার করা হয় তাকে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পাঠানো হয়।
স্থানীয়দের একাংশ অবশ্য দাবি করেছেন, ওই সিভিক ভলান্টিয়ারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কারণ এলাকায় বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন তিনি। বাধা দিয়েছিলেন সালিশি সভা বসাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আউশগ্রামের নৃপতিগ্রামে দু'টি পরিবারের মধ্যে ঝামেলার পরে গ্রামের কয়েকজন মিলে সালিশিসভা বসিয়েছিলেন। গ্রামের বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার রহমতুল্লাহ শেখ সেই খবর পেয়ে তাদের জানিয়ে দেন পুলিশের নির্দেশ অনুযায়ী এরকম কোনও সালিশিসভা বসানো যাবে না। এরপর রহমতুল্লা চলে যান। তারপর তিনি গ্রামের অন্যপাড়ায় নজরদারির কাজে যান।
এরপর রাতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের বছর ত্রিশের এক বধূ আউশগ্রাম থানায় রহমতুল্লা শেখের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, রহমতুল্লা শেখ আগে থেকেই তাঁকে উত্যক্ত করত। শুক্রবার বাড়ির উঠোনে শুয়ে থাকার সময় একা থাকার সুযোগে রহমতুল্লা তাঁর শ্লীলতাহানি করে। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও ধৃতের দাবি, ওই পাড়ায় বেআইনি চোলাইমদের কারবার চলে। নিষেধ করায় বচসা হয়। এরপর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে।
জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "মহিলা থানায় শ্লীলতাহানির অভিযোগ করায় পুলিশ অভিযুক্ত সিভিক
ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। মামলা রুজু করেছে। তদন্ত চলছে।" আরজি কর কাণ্ডেও ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলার তদন্ত ভার এখন সিবিআইয়ের হাতে।