
শেষ আপডেট: 16 February 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ষাকাল নয়, কে বলবে! বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডের শতাব্দীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে আছে। এলাকার কাউন্সিলর থেকে পুরপ্রধানকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
ওই এলাকার ২ নম্বর লেনে সমস্যা প্রকট। বাসিন্দাদের দাবি, দু'মাসের বেশি জল জমে আছে। কিন্তু কারও ভ্রুক্ষেপ নেই। স্থানীয় বাসিন্দা স্মিতা আঢ্য বলেন, "সবসময়ই জল জমে থাকছে। হেঁটে এই রাস্তা পার হতে নাভিশ্বাস উঠছে। গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে।" আর এক বাসিন্দা সৌরভ দাস বলেন, "এখানে এক দ্বীপের মতো অবস্থা। জমা জলে মশার উপদ্রব বাড়ছে। দেখছি দেখব করে কাটাচ্ছেন কর্তারা। কাজের কাজ কিছুই হচ্ছে না।"
পুরপ্রধান পরেশ সরকার জানিয়েছেন, এই এলাকার জল ১১ নম্বর ওয়ার্ডের কিছু এলাকার উপর দিয়ে সুকান্তনগরের নয়ানজুলিতে পড়ে। এবারে বর্ষার আগেই সেই পথে মাটি জমে গেছে। অতিরিক্ত লোক লাগিয়ে সেগুলি পরিষ্কার করা হচ্ছে। দু একদিনের মধ্যেই জল নেমে যাবে। একইসঙ্গে তিনি এও বলেন, "ধানখেত, খাল, বিল, ড্রেন সব জায়গায় বাড়ি হচ্ছে। শহর বেড়েই চলেছে। বাড়ি করেই সবাই নিকাশি চাইছেন। এজন্য অপেক্ষা করার ধৈর্য্য কারও নেই।"