বিএসএফ সূত্রে জানা যায়, রবিউল পদ্মা নদী পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা তাকে দেখতে পেয়ে আটক করে। তখন তার শরীরে কোনও পোশাক ছিল না।

শেষ আপডেট: 5 January 2026 19:44
দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রবিবার ভোরে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভাগীরথী আউটপোস্টের বিএসএফের হাতে আটক হয় এক বাংলাদেশি যুবক। ধৃত যুবকের নাম রবিউল শেখ (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাতরসিয়া গ্রামে। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পাতলা টোলা এলাকায় ধরা পড়ে ওই ব্যক্তি।
বিএসএফ সূত্রে জানা যায়, রবিউল পদ্মা নদী পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা তাকে দেখতে পেয়ে আটক করে। তখন তার শরীরে কোনও পোশাক ছিল না। প্রচণ্ড শীতের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃগী রোগীর মতো খিঁচুনি শুরু হয়। ওই অবস্থায় বিএসএফের পক্ষ থেকে তাকে গরম কাপড় পরানো হয়।
বিএসএফ আধিকারিকরা জানান, এরপর তাকে বয়রাঘাট বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে তৎপর হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এই ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবারই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে নাবালক ও তার মাকে মারধরের অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী গ্রামে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। স্থানীয় সূত্রের খবর, টিউশন সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল বছর ১১-র এক খুদে। অভিযোগ, ওই সময়ই তাকে বাংলাদেশি সন্দেহে আটকায় বিএসএফ। কথোপকথনের মাঝেই নাবালককে মারধর করা হয় বলে দাবি পরিবারের। বাধা দিতে গেলে তার মাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আহত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।