বিজেপি বিধায়কের এমন মন্তব্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাল্টা সুর তৃণমূলের।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 12 December 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: পরিবর্তন সভার মঞ্চ থেকে সরাসরি পুলিশকে মারধরের উস্কানি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Bangaon BJP MLA warns of beating up police)। শুধু তাই নয়, তৃণমূলকে উদ্দেশ করে 'বদলা ও বদলে'র হুঁশিয়ারিও ছুঁড়লেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন সভা’র আয়োজন করা হয়েছিল। সেখানেই সাধারণ মানুষকে উদ্দেশ্য করে স্বপনবাবুর ঘোষণা, “পুলিশ যদি তৃণমূলের হয়ে অন্যায় করে, গরিব মানুষের উপর চড়াও হয়, আপনারা একজোট হয়ে চ্যালাকাঠ দিয়ে পেটাবেন।”
এখানেই না থেমে আরও আক্রমণাত্মক সুরে বলেন, “পরিবর্তন হলে যে সব পুলিশ এখন দালালি করছে, তাদের দেখে নেব। তৃণমূলের গুন্ডারা ভাবছে পুলিশ বাঁচাবে—বাঁচাতে পারবে না। বদল হবে, আর অনৈতিক কাজ করলে বদলাও হবে।”
বিজেপি বিধায়কের এমন মন্তব্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাল্টা সুর তৃণমূলের। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “পুলিশের জন্যই ওরা আগের মতো সমাজবিরোধী কাজ করতে পারছে না। তাই এমন মন্তব্য করছে। ওদের কথা মানুষ বিশ্বাস করে না।”
ঘটনাকে ঘিরে দুই শিবিরের মুখোমুখি অবস্থান স্পষ্ট। বিধায়কের মন্তব্যের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বনগাঁ–গাইঘাটা এলাকায়। শাসকদলের দাবি, “এটাই বিজেপির সংস্কৃতি।”