বাড়ি বানাতে হলে দিতে হবে ‘তোলা’? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল হুগলির ব্যান্ডেল থেকে।

এই বাড়ি তৈরি ঘিরে গোলমালের সূত্রপাত।
শেষ আপডেট: 26 July 2025 08:43
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি বানাতে হলে দিতে হবে ‘তোলা’? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল হুগলির ব্যান্ডেল থেকে। অভিযোগ, পঞ্চায়েতের তৃণমূল সদস্য ১ লক্ষ টাকা তোলা দাবি করেন। তাতে রাজি না হওয়ায় চড়াও হন বাড়িতে, তার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষাট বছরের এক বৃদ্ধের। মৃতের পরিবারের দাবি, এ মৃত্যুর পেছনে মূল কারণ ‘রাজনৈতিক তোলা চাঁই’।
পরিবারের অভিযোগ, ব্যান্ডেলের বাসিন্দা ও তৃণমূল কর্মী মহম্মদ ফকির নিজের বাড়ি নির্মাণ করছিলেন। সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা দীনেশ যাদব তাঁর কাছে ১ লক্ষ টাকা ‘তোলা’ চান। টাকা দিতে অস্বীকার করায় গত ১২ জুলাই সন্ধ্যায় দীনেশ তাঁর লোকজন নিয়ে চড়াও হন ফকিরের বাড়িতে। মানসিক চাপে সেদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন ফকির।
মৃত ফকিরের ছেলে মহম্মদ আমান জানান, “হাসপাতালে বাবা যখন চিকিৎসাধীন, তখনও আমাদের বাড়িতে এসে হুমকি দেয় দীনেশ। এমনকী নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে দেয়। এরপরই বাবা মারা যান।” তাঁর আরও দাবি, “তোলার টাকা দিতে না পারায় আমার বাবাকে অকালে প্রাণ হারাতে হল।”
অভিযুক্ত তৃণমূল সদস্য দীনেশ যাদব অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “আমি এক টাকাও চাইনি। আমান নিজেই বলেছিল আমাকে জেতাতে সাহায্য করবে। পরে প্রতিবেশী এক শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেছে সে।”
ঘটনার খবর পেয়ে ব্যান্ডেল পৌঁছন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী। তাঁর প্রতিক্রিয়া, “আমি নিজে উপস্থিত ছিলাম না। তবে আইন সবার জন্য সমান হওয়া উচিত।”
স্থানীয় বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস বলেন, “যা অভিযোগ উঠেছে, তা খুবই গুরুতর। পুলিশ প্রশাসনের উচিত দ্রুত তদন্ত শুরু করা।” যদিও শনিবার সকাল পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।