দ্য ওয়াল ব্যুরো: ১৬ লক্ষ ৬০ হাজার টাকা।
নাহ! কলকাতা লাগোয়া কোনও রিয়েলএস্টেট প্রোজেক্টে থ্রি বি এইচ কে ফ্ল্যাটের দাম নয়। এটা একটা লাড্ডুর দাম। ওজন ২১ কেজি।
হায়দ্রাবাদের বালাপুরে গণেশ পুজোর পরই লাড্ডু নিলামে ওঠে। একটি লাড্ডুকে নিলাম করা হয়। এ বার সেই লাড্ডুর দাম উঠল ১৬ লক্ষ ৬০ হাজার টাকা।
১৯৯৪ সাল থেকে এই নিলাম চালু হয়। এ বার ২৫ বছরে পা দিল লাড্ডু নিলাম উৎসব। জানা গিয়েছে বালাপুর মণ্ডল আর্য বৈশ্য সংঘের সভাপতি টি শ্রীনিবাস গুপ্তা লাড্ডুটি কেনেন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পূর্ব গোদাবরী জেলার একজন নাম করা মিষ্টি ব্যবসায়ী প্রতিবার এই লাড্ডু বানান। ১৯৯৪ সালে প্রথমবার লাড্ডু নিলাম হয়েছিল ৪৫০ টাকায়। গতবার দাম ওঠে ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। এ বার আরও এক লক্ষ টাকা বেশি।
প্রচলিত আছে, এই লাড্ডু যিনি বা যে সংস্থা কিনবেন, তাঁর ভবিষ্যৎ হবে উজ্বল। আর ব্যবসা বাড়বে লাফিয়ে লাফিয়ে। সেই বিশ্বাস থেকেই প্রতিবারের নিলামে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে লাড্ডুর দাম।