দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সন্ধ্যা আটটায় কর্ণাটক বিধানসভায় আস্থাভোট হয়েছে। হেরে গিয়েছে এইচ ডি কুমারস্বামীর সরকার। বুধবার রাজ্যপাল বাজুভাই বালার কাছে গিয়ে কুমারস্বামী ইস্তফা দিয়েও এসেছেন। কিন্তু সন্ধ্যা অবধি সরকার গঠনের দাবি জানায়নি বিজেপি। এবার যিনি মুখ্যমন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছে, সেই বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের জন্য অপেক্ষা করছেন। তার পরেই সরকার গঠনের দাবি জানাবেন।
এদিন বেলা ১১ টায় বিজেপির পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল। তাও সন্ধ্যা পর্যন্ত হয়নি। একটি মহল থেকে শোনা যাচ্ছে ইয়েদুরাপ্পা দিল্লি উড়ে যেতে পারেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন।
মঙ্গলবার আস্থাভোটে শাসক কংগ্রেস-জেডিএস জোট হেরেছে বটে কিন্তু জয়ী বিজেপির সঙ্গে তাদের পার্থক্য ছিল সামান্যই। কুমারস্বামী পেয়েছেন ৯৯ টি ভোট। ইয়েদুরাপ্পার দল পেয়েছে ১০৫ টি। কর্ণাটক বিধানসভায় গরিষ্ঠতা পেতে হলে চাই ১১৩ টি আসন। অর্থাৎ এখনও সরকার গড়ার মতো গরিষ্ঠতা নেই বিজেপির।
এদিন ইয়েদুরাপ্পা কর্ণাটকে আরএসএসের সদর দফতর কেশব কৃপা ভবনে আসেন। পরে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আশীর্বাদেই আমি এতদূর আসতে পেরেছি। সঙ্ঘ পরিবারের প্রবীণদের আশীর্বাদ নিতে এসেছিলাম।
বিজেপির বিধায়ক জে সি মধুস্বামী বলেছেন, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আমাদের নির্দেশ দিয়েছেন, পরিদর্শকের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হবে। সেখানে নেতা নির্বাচিত হবেন। সব কিছুই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।