দুর্ঘটনার পর তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। রক্তাক্ত অবস্থায় একে একে আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতালে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 15 September 2025 14:01
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানে (Burdwan) ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় যাত্রীবোঝাই একটি বাস ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Bus and dumper Accident) গুরুতর আহত হলেন প্রায় ২০ জন (At least 20 injured)। দুর্ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবদ্বীপ থেকে যাত্রী নিয়ে রানিগঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে হঠাৎই উলটো দিক থেকে আসা ডাম্পারটি সজোরে ধাক্কা মারে বাসটিতে। মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। বাসে থাকা প্রায় সকল যাত্রী কমবেশি আহত হন।
দুর্ঘটনার পর তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। রক্তাক্ত অবস্থায় একে একে আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতালে। বাসের চালক দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ কেবিনে আটকে পড়েছিলেন। পরে গ্যাস কাটার দিয়ে বাস কেটে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহতদের দেখতে দ্রুত হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েলসহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উপর নজর রাখছেন চিকিৎসকেরা।
এদিকে, ডাম্পার চালক দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে, তবে চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।
এই দুর্ঘটনা ঘিরে নান্দাই অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা ডাম্পারের বেপরোয়া গতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।