
শেষ আপডেট: 24 November 2023 10:16
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কলেজ থেকে বেড়াতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেল আশুতোষ কলেজের এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে। এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি।
জানা গেছে, প্রায় ২০ ফুট উঁচু থেকে জলপ্রপাতে পড়ে গিয়েছিল দুই ছাত্র। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের এখনও কোনও খোঁজ নেই। বিষয়টি সামনে আসতেই নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরব দাবি জানানো হয়েছে। কলেজের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। যদিও এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও জানা য়ায়নি।
নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার। তিনি আশুতোষ কলেজের এনভারনমেন্টাল সায়েন্সের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি হুগলির আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ায়।
পরিবার সূত্রে জানা গেছে, চারদিন আগে কলেজ থেকে পড়ুয়াদের ঝাড়খণ্ডে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। ঝাড়খন্ড থেকে ফেরার পথে ওড়িশার কেওনঝড়ে একটি জলপ্রপাতে নামে তাঁরা। সেই সময়ে দুই ছাত্র পড়ে যান বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক ছাত্র পড়ে যান। এরপর একইভাবে জলপ্রপাতে পড়ে যান তারাশঙ্করও। প্রায় কুড়ি ফুট নীচে পড়ে যান তারাশঙ্কর। জলের তোড়ে ভেসে যান তিনি। অপর ছাত্রের খোঁজ মিললেও এখনও তারাশঙ্করের কোনও খোঁজে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজও।
খবর পেয়েই আরামবাগ থেকে ঘটনাস্থলে পৌঁছন তারাশঙ্করের এক দাদা ও দুই কাকা। পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। তাঁদের বক্তব্য, "তারাশঙ্করের আগে আরও একটি ছাত্র জলপ্রপাতে পড়ে গিয়েছিল। তার কিছু হল না। অথচ তারাশঙ্কর পড়েই নিখোঁজ হয়ে গেল কীভাবে?" ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।