নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে সভাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
.jpeg.webp)
দিলীপ ঘোষ
শেষ আপডেট: 8 February 2026 16:43
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবা (Gosaba)। রোববার বিজেপির এক কর্মিসভায় যোগ দিতে গিয়ে মঞ্চে উঠছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হঠাৎ ভেঙে পড়ল মঞ্চের একাংশ। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে বসেছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। তবে আশপাশে থাকা দলীয় কর্মীরা তাঁকে সামলে নেন। নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে সভাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
যদিও এই দুর্ঘটনার পরেও কর্মসূচি বাতিল করেননি দিলীপ ঘোষ। মঞ্চের অন্য একটি অংশে গিয়ে তিনি কর্মিসভায় বক্তব্য রাখেন এবং দলীয় কর্মীদের উদ্দেশে কথা বলেন। তাঁর বক্তব্যে কর্মীদের চাঙ্গা করার বার্তাই উঠে আসে।
ওই সভায় এদিন বিজেপির রাখা ড্রপ বক্সে দিলীপ নিজের ব্যক্তিগত মন্তব্য পেশ করেন। বিজেপির রাখা এই ড্রপ বক্সে রাজ্যকে আগামী দিনে কেমন দেখতে চায় রাজ্যের বাসিন্দারা তারই পরামর্শ চাওয়া হয়েছে। বিজেপি এবার নিজেরা কোনও দলীয় ইস্তেহার লিখবে না বলেও জানিয়েছে। সংকল্পপত্র লেখা হবে রাজ্যের মানুষের পরামর্শে। যার জন্য রাখা হয়েছে ড্রপবক্স আর চালু করা হচ্ছে একটি টোল ফ্রি ফোন নম্বর।
ঠিক কীভাবে ঘটল এই বিপত্তি? জানা গিয়েছে, রবিবার গোসাবায় বিজেপির কর্মিসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। মঞ্চে উঠে কর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই তাঁর পায়ের নীচের অংশ ভেঙে পড়ে। অতিরিক্ত চাপেই মঞ্চের ওই অংশ ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন আয়োজকদের একাংশ। একসঙ্গে অনেক মানুষ উঠে পড়ায় কাঠামো সেই ভার সহ্য করতে পারেনি বলেই দাবি।
এই ঘটনায় বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই মঞ্চ ভেঙে পড়ার ঘটনাকে কেউ কেউ ‘অশনি সংকেত’ বলেও ব্যাখ্যা করছেন। তবে জেলা বিজেপি নেতৃত্বের বক্তব্য, এটি নিছকই একটি সামান্য দুর্ঘটনা। তাতে কর্মসূচির কোনও ব্যাঘাত ঘটেনি।