
শেষ আপডেট: 24 July 2022 14:19
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল আইএসসি (ISC Results) বোর্ড পরীক্ষার ফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন। এ রাজ্যের ৬ জন পরীক্ষার্থীর মধ্যে তিন জনই কলকাতার। যাদের মধ্যে রয়েছে জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের অপূর্বা কাশিশ (Apurva Kashish)। অঙ্ক, কম্পিউটার ও কেমিস্ট্রিতে তার প্রাপ্ত নম্বর একশোয় একশো।
রবিবার সন্ধেয়, অপূর্বা দ্য ওয়াল-কে জানিয়েছে, এই ফলে সে খুবই খুশি। শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছে সে। অপূর্বা দিনে ৮ থেকে ৯ ঘণ্টা পড়াশোনা করত। পড়ার বাইরে বিভিন্ন বিষয়ে লেখালেখিও করে সে। বাঁশদ্রোণীর বাসিন্দা অপূর্বার বাবা রাজস্ব দফতরের কর্মী। মা গৃহবধূ। আপাতত জেইই-র প্রস্তুতি নিচ্ছে অপূর্বা।
বাকি যারা প্রথম হয়েছে, তাদের সকলেরই প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫। পশ্চিমবঙ্গে যে ৬ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে তারা হল অপূর্বা কাশিশ (জিডি বিড়লা স্কুল), অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেন্ট স্কুল), প্রতীতী মজুমদার (সল্টলেক স্কুল), মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্ল্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল), পৃথ্বীজ মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি) এবং নিখিলকুমার প্রসাদ (সানশাইন স্কুল)।
এ রাজ্যে আইএসসি-তে পাশের হার ৯৯.১৫ শতাংশ। ৩৯৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের ১৯ জন পড়ুয়া। আর ১৬ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৩৯৭, তারা তৃতীয় স্থান অধিকার করেছে। এবছর মোট ৯৬ হাজার ৯৪০ জন আইএসসি পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে বাংলা থেকে পরীক্ষায় বসেছিল ২৭ হাজার ৫৬৯ জন। পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে।
আরও পড়ুন: আতঙ্কের অপর নাম ইডি, কোন অস্ত্রে নেতাদের ঘুম কেড়েছে এই তদন্তকারী সংস্থা