
শেষ আপডেট: 16 November 2023 18:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট। দ্রুত নতুন বেঞ্চ গঠন করে সমস্ত মামলা ৬ মাসের মধ্যে নিস্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি সিবিআই, ইডিকে দু’মাসের মধ্যে নয়া বেঞ্চের কাছে তদন্ত রিপোর্ট পেশ করার কথা বলেছে শীর্ষ আদালত।
পুজোর ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই পূর্ণ সময়ের জন্য খুলেছে কলকাতা হাইকোর্ট। তারপরই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত বেঞ্চ গঠনের আর্জি জানান আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। আদালত সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
হাইকোর্টের একাংশ আইনজীবীর মতে, আগামী সপ্তাহেই নিয়োগ মামলার জন্য নতুন বেঞ্চ গঠন হতে পারে। বৃহস্পতিবার থেকেই এ বিষয়ে তৎপরতা দেখা গিয়েছে আদালতে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল।
ওই মামলাতেই গত ৯ নভেম্বর তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির তদন্তে ডেডলাইন বেঁধে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠিয়ে নতুন ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল।