অভিযোগ, ফর্ম সেভেন জমা পড়ার খবর জানার পর থেকেই আরও আতঙ্কিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ।
.jpeg.webp)
মৃত শেখ ইসমাইল।
শেষ আপডেট: 29 January 2026 13:52
দ্য ওয়াল ব্যুরো: পোলবার রাজহাটে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (Another death reported due to SIR panic)। মৃতের নাম শেখ ইসমাইল (৭০)। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও শুনানির চাপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজহাট হোসনাবাদের বাসিন্দা শেখ ইসমাইলকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। আগামী ৩০ জানুয়ারি তাঁর শুনানির দিন ধার্য ছিল। শুধু তিনি নন, পরিবারের আরও কয়েক জনের নামেও শুনানির নোটিস আসে। সেই কারণে পরিবারের সঙ্গে শুনানিকেন্দ্রে গিয়েছিলেন বৃদ্ধ। অভিযোগ, সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
এর পর মঙ্গলবার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন শেখ ইসমাইল। তাঁকে প্রথমে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে বুধবার তাঁর মৃত্যু হয়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, এসআইআর শুনানি এবং নাম বাদ যাওয়ার আতঙ্কই এই মৃত্যুর কারণ।
স্থানীয়দের অভিযোগ, চুঁচুড়া বিধানসভার ২৫ নম্বর বুথের ভোটার ছিলেন শেখ ইসমাইল। হোসনাবাদ এলাকায় কয়েকশো ভোটারের নামে ফর্ম সেভেন জমা পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ওই এলাকার সংখ্যালঘু মানুষজন সম্প্রতি বিডিও অফিসে বিক্ষোভ দেখান। সেই আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ইসমাইল।
এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের অভিযোগ, “বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে। সেই আতঙ্কেই শেখ ইসমাইলের মতো মানুষদের প্রাণ যাচ্ছে। আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।”
তাঁর আরও অভিযোগ, ফর্ম সেভেন জমা পড়ার খবর জানার পর থেকেই আরও আতঙ্কিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ। মানসবাবু বলেন, “জীবিত মানুষকে মৃত বানানোর চেষ্টা চলছে। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই।” যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির বক্তব্য, কমিশনের কাজের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। পরিকল্পিতভাবে নোংরা রাজনীতি করছে তৃণমূল। তবে এসআইআর এর আতঙ্কে বৃদ্ধর মৃত্যুর অভিযোগ প্রসঙ্গে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।