শহরে জল জমলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—এই চেনা বিপদ ঠেকাতে প্রশাসনের কি আর কোনও প্রস্তুতি নেই? বারবার কেন শহরের প্রাণ কেড়ে নিচ্ছে বৃষ্টির জল আর খোলা বিদ্যুতের তার?

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 24 September 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টিতে শহরে (Heavy Rain in Kolkata) আরও এক প্রাণহানির ঘটনা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ৮ জন ও শহরতলিতে ১ জনের মৃত্যুর খবর মিলেছিল। বুধবার নতুন করে আরও একজনের মৃত্যুর খবর সামনে এল। মৃত ২৪ বছরের যুবক শুভ প্রামানিক বেহালার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে বেহালার পূর্বপাড়া থেকে মতিলাল গুপ্ত রোডের এক বেসরকারি সংস্থায় কাজে যান শুভ। প্রবল বৃষ্টির মধ্যে অফিসে ঢুকে একটি জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পৌঁছয় প্রশাসনের শীর্ষ মহলে। বুধবার শুভর বাড়িতে পৌঁছন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন। ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন শুভর দাদার সঙ্গে। পরিবারকে সমস্তরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভর দাদা শুভঙ্কর প্রামানিক বলেন, ‘‘ফিরহাদ হাকিম পুলিশে অভিযোগ দায়েরের কথা বলেছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন।’’
শহরে জল জমলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—এই চেনা বিপদ ঠেকাতে প্রশাসনের কি আর কোনও প্রস্তুতি নেই? বারবার কেন শহরের প্রাণ কেড়ে নিচ্ছে বৃষ্টির জল আর খোলা বিদ্যুতের তার? এদিন এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। মামলা করেছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি।