বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ক্ষতিপূরণ পেতে হলে ময়নাতদন্ত রিপোর্ট আবশ্যিক। বিশেষজ্ঞদের দাবি, হিটওয়েভে মৃত্যুর ক্ষেত্রে শরীরের ভেতরে পেশি ফেটে যাওয়া ও অঙ্গপ্রত্যঙ্গ লাল হয়ে যাওয়া অন্যতম প্রমাণ।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 3 September 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই রাজ্যে দাবদাহে (Heatwave) নাজেহাল হয়েছিল মানুষ। রেকর্ড গরমে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছিল।
সেই অভিজ্ঞতার পর এবার হিটওয়েভ বা তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করল নবান্ন (Announcement of Compensation)। ফলে দাবদাহে কারও মৃত্যু হলে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার (Rs 2 lakh per death)।
গত ১৯ অগস্ট মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে ‘স্টেট এগজিকিউটিভ কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ভিত্তিতে ২৫ অগস্ট বিজ্ঞপ্তি জারি করেছে বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দফতর।
শুধু হিটওয়েভ নয়, নদীভাঙন, ভারী বৃষ্টি, বিষাক্ত প্রাণীর কামড়, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন–সহ মোট ১৪টি ঘটনাকে (14 Disaster) রাজ্যভিত্তিক প্রাকৃতিক দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন বজ্রাঘাত, গাছ পড়ে মৃত্যু, দেওয়াল চাপা পড়া, নৌকাডুবি ইত্যাদি ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হলেও এবার থেকে এসডিআরএফের (স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড) নির্দিষ্ট খাত থেকে এই অর্থ দেওয়া সম্ভব হবে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ক্ষতিপূরণ পেতে হলে ময়নাতদন্ত রিপোর্ট আবশ্যিক। বিশেষজ্ঞদের দাবি, হিটওয়েভে মৃত্যুর ক্ষেত্রে শরীরের ভেতরে পেশি ফেটে যাওয়া ও অঙ্গপ্রত্যঙ্গ লাল হয়ে যাওয়া অন্যতম প্রমাণ।
অর্থাৎ, এবার থেকে রাজ্যে বজ্রাঘাত যেমন প্রাকৃতিক বিপর্যয়, তেমনি দাবদাহও। আর তাতে মৃত্যু হলে রাজ্যের তরফে নিশ্চিত ক্ষতিপূরণ।