প্রশ্ন ফাঁস রুখতে সংসদের কড়া নির্দেশিকা, একই বিষয়ের জন্য দু’টি আলাদা সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হবে। পাশাপাশি বসা দুই পরীক্ষার্থীর প্রশ্নের বিন্যাস থাকবে আলাদা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 3 September 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) পার্ট ওয়ান (তৃতীয় সেমেস্টার) পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর (Candidates) সংখ্যা বেড়েছে দেড় লক্ষ। মোট ৬ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী বসছেন এই পরীক্ষায়।
প্রশ্ন ফাঁস রুখতে (Question Leak) সংসদের কড়া নির্দেশিকা, একই বিষয়ের জন্য দু’টি আলাদা সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হবে। পাশাপাশি বসা দুই পরীক্ষার্থীর প্রশ্নের বিন্যাস থাকবে আলাদা।
পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে, পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে বিশেষ সিল দেওয়া প্রশ্নপত্র।
পরীক্ষা পদ্ধতি
এবারও এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে ওএমআর শিটে। প্রধান বিষয়ে নম্বর ৪০ বা ৩৫, ভোকেশনাল, মিউজিক ও ভিজুয়াল আর্টসে নম্বর এবং সময় দু’টোই কম। সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। সংক্ষিপ্ত সময়ে টোকাটুকি আটকাতে পরীক্ষার সময় শৌচাগার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
নজরদারি ও নিষেধাজ্ঞা
প্রতি পরীক্ষাকক্ষে থাকবেন দু’জন পরিদর্শক।
ভেন্যু সুপারভাইজারের ঘরে ও প্রবেশদ্বারে থাকবে সিসিটিভি।
মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যেকোনও গ্যাজেট নিষিদ্ধ। ধরা পড়লে শুধু পরীক্ষা নয়, রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে।
দেহতল্লাশির জন্য থাকবে মেটাল ডিটেক্টরও।
রাজ্য জুড়ে ৮১৮টি প্রধান ভেন্যু ও ২১০৬টি ভেন্যুতে পরীক্ষা হবে। এর মধ্যে ১২২টি ভেন্যুকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, যার অধিকাংশ মালদহে।
প্রসঙ্গত, এ বছর প্রায় ৭ লক্ষ ৫ হাজার ছাত্রছাত্রী একাদশ উত্তীর্ণ হলেও উচ্চ মাধ্যমিকে নাম লিখিয়েছেন ৪৫ হাজার কম পড়ুয়া। তবে সংসদের মতে, অনেকেই পার্ট টু পরীক্ষার সঙ্গে সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য অপেক্ষা করছেন।
ফল প্রকাশ নিয়েও আশার কথা শুনিয়েছে পর্ষদ। অক্টোবরে ফল প্রকাশ হতে পারে।