
শেষ আপডেট: 28 April 2023 02:48
দ্য ওয়াল ব্যুরো: ডিব্রুগড় জেলে সাঙ্গোপাঙ্গোদের সঙ্গে বন্দি রয়েছেন খলিস্থানপন্থী নেতা অমৃতপাল। বিস্তর নাটকীয় অনুসন্ধানের পরে তাঁকে ধরেছে পুলিশ। কিন্তু এসবের মাঝেও এতটুকু খাটো হয়নি ওয়ারিস পাঞ্জা দে সংগঠনের প্রধান অমৃতপালের। জেলে গিয়েই তাঁর আইনজীবী ভগবন্ত সিং সিয়ালকা দেখা করেন তাঁর সঙ্গে। তার পরে তিনি বললেন, 'হাই স্পিরিটে' রয়েছেন অমৃতপাল (Amritpal Singh is in High Spirits)।
জানা গেছে, জেল থেকে আইনজীবীকে একটি হাতে লেখা চিঠি দিয়েছেন অমৃতপাল। তাতেই তিনি লিখেছেন, 'ঈশ্বরের আশীর্বাদে আমি 'চারডি কালা' আছি।' এই পাঞ্জাবি শব্দবন্ধ 'চারডি কালা'-র অর্থ হল হাই স্পিরিট! পাশাপাশি ওই চিঠিতে তিনি তাঁর এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে পাঞ্জাব সরকারের দায়ের করা অভিযোগের কথা উল্লেখ করে বলেন, সবই ভুয়ো মামলা।
আইনজীবী ভগবন্ত সিং সিয়ালকা জানিয়েছেন, আইনজীবীদের বিশেষ প্যানেল তৈরি করা হবে অমৃতপালের জন্য। অমৃতপাল ছাড়াও তাঁর আরও যে ন'জন অনুচরকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের পক্ষেও লড়বেন আইজীবীরা। খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ, প্রতারণা, সরকারি কর্মীদের কাজে বাধা-- এমন একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে।
ডিব্রুগড় জেলে সিয়ালকার সঙ্গে আরও এক আইজীবী সিমরনজিৎ সিং দেখা করেন অমৃতপালের সঙ্গে। তিনি জানান, তাঁর মক্কেল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তা বেঠিক। 'কারও বিরুদ্ধে কোনও অপরাধের ইতিহাস নেই। কোনও কারণ ছাড়াই ওদের ধরা হয়েছে, এটা চক্রান্ত ছাড়া কিছু নয়। অমৃতপাল ড্রাগের নেশার বিরুদ্ধে দীর্ঘদিন প্রচার করেছেন। আমরা হাইকোর্টে আবেদন করব। ১ মে শুনানি হতে পারে।'
'অসহায়' কুস্তি-প্রধান ব্রিজভূষণ, বিক্ষোভে কোণঠাসা হয়ে ভিডিও প্রকাশ, বললেন, এর চেয়ে…