দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে গেলেন সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিং। দু’জনের কথাবার্তাও হল বেশ কিছুক্ষণ। তারপরেই গুজব ছড়িয়েছে, প্রবীণ রাজনীতিক অমর সিং কি বিজেপিতে যোগ দিতে চলেছেন?
অমর সিং দীর্ঘদিন সমাজবাদী পার্টির নেতা ছিলেন । কিন্তু উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাঁকে বহিষ্কার করেছেন ।
অমর সিং নিজেই কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন, বিজেপি এক বিরাট বড় রাজনৈতিক দল। আমি সুযোগ পেলে যে বিজেপিতে যোগ দেব না, এমন কথা বলছি না। কিন্তু আমাকে সুযোগ দেবে কে? অবশ্য আমিও বিজেপিতে যোগ দেওয়ার জন্য কাউকে অনুরোধ করিনি।
এদিন অমর সিং কেন যোগী আদিত্যনাথের কাছে গিয়েছিলেন, দু’জনের মধ্যে কী কথা হল, জানা যায়নি।