
শেষ আপডেট: 23 December 2023 19:51
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সাপের পর এবার ইঁদুর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলল আস্ত ইঁদুর। তা-ও আবার সেদ্ধ! এই ঘটনাকে কেন্দ্র করে নলহাটির কুরুমগ্রামের মহিষপাড়ায় হুলুস্থূল। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের পড়ুয়া সহ অভিভাবকেরা।
মহিষপাড়ায় ৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার খিচুড়ি রান্না করে তা মা ও বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, সেই খিচুড়ি খাওয়ার সময় তাতে সেদ্ধ অবস্থায় কেউ ইঁদুরের পা, কেউ ইঁদুরের দেহাংশ দেখতে পান। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এদিকে বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হইচই। খিচুড়ি যিনি রান্না করেছেন, তাঁর বক্তব্য, কীভাবে ইঁদুর এল তা তিনি বুঝতে পারছেন না। খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার সকালে ৭৩ জন শিশু ও একাধিক গর্ভবতী মহিলা খিচুড়ি নিয়ে যান। পূর্ণিমা মণ্ডল নামে এক মহিলা বলেন, “খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়ালাম। পরে কিছুটা ছিল, ভাবলাম সেটা খেয়ে নিই। সেই খিচুড়ি খেতে গিয়ে দেখি ইঁদুরের পা পড়ে আছে। পরে সেই ইঁদুরের পা সকলকে এনে দেখালাম।”
প্রসঙ্গত, বিগত দিনে অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবার নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ আসতে দেখা গিয়েছে। গত এপ্রিল মাসে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের ডোমপুকুর এলাকায় মিড মিলে সাপ ধরা পড়ে। রান্না করা খাবারে কালো একটি সাপ পড়ে থাকতে দেখেছিলেন অভিভাবকেরা।