দ্য ওয়াল ব্যুরো : দু’দিন আগেও বলেছিলেন পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। যাঁরা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন। কিন্তু বুধবার বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এম জে আকবর। অন্তত ১৫ জন মহিলা অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে । এদিন আকবর টুইটারে জানিয়েছেন, এই লড়াইটা তিনি ব্যক্তিগতভাবে লড়তে চান । তাই সরকারি পদ থেকে ইস্তফা দিচ্ছেন ।
গত ৮ অক্টোবর আকবরের নামে প্রথম অভিযোগ করেছিলেন সাংবাদিক প্রিয়া রমানি । তার পরে টুইটারে অভিযোগ জানিয়েছেন আরও ১০ জন । আকবর নিজে আরও চার মহিলার নাম জানিয়েছেন যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু আকবর মানহানির মামলা করেছেন শুধুমাত্র প্রিয়া রমানির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, আমার বদনাম করার জন্য প্রিয়া ওই ধরনের অভিযোগ করেছেন। এর ফলে আমার সামাজিক ও রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
ওই মামলা করার পরে আকবরের অধীনে কাজ করেছেন এমন ২০ জন সাংবাদিক আদালতে আবেদন জানিয়েছেন, তাঁরা সাক্ষী দিতে চান। তাঁদের অনেককে আকবর যৌন হেনস্থা করেছেন। কেউ কেউ আবার আকবরের কুকর্মের প্রত্যক্ষদর্শী।
https://twitter.com/ANI/status/1052518966751424514