দ্য ওয়াল ব্যুরো : গত বছরের ৮ অক্টোবর (8th October) এয়ার ইন্ডিয়াকে (Air India) টাটার (Tata Group) কাছে বিক্রি করে দেয় ভারত সরকার। লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার দাম উঠেছিল ১৮ হাজার কোটি টাকা। তার মধ্যে টাটা গোষ্ঠী সরকারকে দেবে ২৭০০ কোটি টাকা। একইসঙ্গে তারা এয়ার ইন্ডিয়ার ঋণ মেটানোর দায়িত্বও গ্রহণ করবে। একটি সূত্র থেকে জানা যায়, সম্ভবত বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়াকে আনুষ্ঠানিকভাবে টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। সেই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।
টাটা গোষ্ঠীর একটি সূত্র থেকে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার হস্তান্তরের প্রক্রিয়া এদিন শুরু হবে। তা শেষ হতে কিছুদিন সময় লাগবে। এরপরে এয়ার ইন্ডিয়া পরিচালনার জন্য টাটা গোষ্ঠী তৈরি করবে একটি অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট টিম। এয়ারএশিয়া ইন্ডিয়া, টিসিএস এবং টাটা স্টিল থেকে এক্সিকিউটভদের নিয়ে তৈরি হবে ওই টিম। টাটার একটি সূত্র থেকে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার নতুন পরিচালন সমিতিতে উড়ান সংক্রান্ত বিষয়ে মতামত দেবেন এয়ার এশিয়ার কর্তারা। তথ্যপ্রযুক্তি নিয়ে মতামত দেবেন টিসিএসের এক্সিকিউটিভরা। টাটা স্টিলের কর্তারা মানবসম্পদ উন্নয়নের বিষয়টি দেখবেন।
আগামী দিনে টাটা গোষ্ঠীর হাতে থাকবে তিনটি বিমান সংস্থা। সেগুলি হল, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং বিস্তারা। এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনের জন্য টাটা গোষ্ঠী '১০০ দিনের পরিকল্পনা' তৈরি করেছে। স্থির হয়েছে, বিমান যাতে সময়ে চলে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের অভিযোগ শোনা হবে গুরুত্বের সঙ্গে।