অগ্নিমিত্রা পালের অসুস্থতায় উদ্বেগে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাঁর দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন সহকর্মী থেকে সমর্থক—সবাই।

হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল।
শেষ আপডেট: 22 August 2025 21:43
দ্য ওয়াল ব্যুরো: জ্বর, শ্বাসকষ্ট আর ক্রমশ বাড়তে থাকা দুর্বলতা—শেষমেশ হাসপাতালে (Hospital) ভর্তি করতে হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Pal)। গত ২০ অগস্ট থেকে তিনি ভর্তি রয়েছেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়েছে, বাঁ ফুসফুসে নিউমোনিয়া বাসা বেঁধেছে (Pneumonia)। তার সঙ্গে পুরনো হাঁপানির (Asthma) সমস্যা মিলিয়ে আরও জটিল হয়েছে পরিস্থিতি। চিকিৎসকদের বক্তব্য, আপাতত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, শিরায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে অগ্নিমিত্রাকে। নিয়মিত চলছে নেবুলাইজড ব্রঙ্কোডাইলেটরও। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া মিললেও, নিউমোনিয়ার প্রকোপ বড় হওয়ায় সুস্থ হতে সময় লাগবে বলেই মত চিকিৎসকদের। আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন তিনি।
রাজনীতির ময়দানে বরাবরই সরব অগ্নিমিত্রা। মঞ্চে বক্তৃতা হোক বা রাস্তায় কর্মসূচি—দলীয় লড়াইয়ে সামনের সারির মুখ তিনি। সুস্থ থাকলে এদিন প্রধানমন্ত্রীর সভাতেও দেখা যেত তাঁকে। শুক্রবার দুপুরে তাঁর খোঁজ নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন অগ্নিমিত্রা। তবু কর্মসূচি মিস করেননি। আসানসোলের একাধিক কর্মসূচি শেষ করে বুধবার কলকাতা ফেরার পথেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিমিত্রা পালের অসুস্থতায় উদ্বেগে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাঁর দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন সহকর্মী থেকে সমর্থক—সবাই।