
গ্রাফিক্স। শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 13 January 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৫ জানুয়ারি শেষ হবে গঙ্গা সাগরমেলা। ঠিক তার পরের দিনই ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ওই কর্মসূচির সমর্থনে সমাজমাধ্যমে ঘুরছে একাধিক পোস্টার। কিন্তু নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে খোঁজ খবর শুরু করল পুলিশ।
সাগর মেলা শেষের পর সেখান থেকে ফিরবেন তীর্থযাত্রীরা। এরই মধ্যে নবান্ন অভিযান হলে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবিষয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
ভরতকুমার মিশ্র নামে এক ব্যক্তি আন্দোলনকারীদের পরিচয় জানতে চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, যে বা যারা এই কর্মসূচির আয়োজন করেছেন, তাঁরা সামনে আসুন। একই সঙ্গে গঙ্গাসাগর মেলা শেষের প্রসঙ্গটি টেনে কর্মসূচির দিন এবং স্থান পরিবর্তনের দাবিও জানিয়েছেন ওই ব্যক্তি। আদালতে তাঁর আর্জি, অভিযানের নামে আবার অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখা দরকার।
'রাত দখলের পর/ আজ দাবি দখল' শীর্ষক স্লোগানকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এর আগে গত বছর অগস্টে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে চূড়ান্ত গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল।
ওয়াকিবহাল মহলের মতে, পোস্টারের স্লোগান থেকে স্পষ্ট, আরজি কর-সহ বিভিন্ন দাবির কথা বলতে চাইছেন আয়োজকরা। ঘটনার নেপথ্যে বিশেষ একটি রাজনৈতিক দলের মদত রয়েছে বলেও দাবি পুলিশের। পুলিশের এক কর্তা বলেন, "এখনও এ ব্যাপারে কেউ কোনও অনুমোদন চেয়ে আবেদন করেনি। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।"