ডিজিসিএ-এর অনুমতি না মেলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টারেই ইটাহারে সভা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
.jpeg.webp)
অভিষেক বন্দ্য়োপাধ্যায়
শেষ আপডেট: 7 January 2026 12:21
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার যে জটিলতা ছিল, বুধবারও তেমনটাই দেখা গেল। ডিজিসিএ-এর (DGCA) অনুমতি না মেলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Jharkhand CM Hemant Soren) কপ্টারেই ইটাহারে সভা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের দাবি, রাজনৈতিক কারণেই অভিষেকের কপ্টার ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে করে বীরভূমের রামপুরহাটে যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অভিযোগ, প্রশাসনিক কারণ দেখিয়ে অভিষেকের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। ফলে বেহালা ফ্লাইং ক্লাবেই (Behala fly club) আটকে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বেশ কিছুক্ষণ পর জানা যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার ভাড়া নেওয়া হয়েছে। সেই কপ্টারেই রামপুরহাটের সভায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবারও তাঁর কপ্টারকে অনুমতি দেওয়া হয়নি বলে জানা যায়। ফলত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টারেই ইটাহারে গেছেন তৃণমূল সাংসদ।
ইটাহারে রোড শোয়ের পরে বালুরঘাটে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাটের কর্মসূচির পর তপনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করবেন। পরে সন্ধেয় উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। বৃহস্পতিবার আবার মালদহে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য ছিল - ঘটনা নিছক প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং বিজেপির ‘পরিকল্পিত বাধা’। নির্বাচনের আগে বিরোধী শিবিরকে মাঠে নামতে না-দেওয়ার ‘কৌশল’ বলেই দাবি তাঁদের। বিজেপি অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এদিকে রামপুরহাটের সভামঞ্চ থেকে অভিষেকের হুঁশিয়ারি ছিল, “চক্রান্ত যত বাড়বে, মানুষের লড়াই তত দৃঢ় হবে। বাংলার মানুষ জবাব দেবে ভোটবাক্সে। গতবারের চেয়ে এবারে তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দুটোই বাড়বে।” একই সঙ্গে কর্মীদের সতর্ক করেছেন, তা বলে ভোটের ময়দানে এক ছটাক জমিও ছাড়বেন না। যে বুথে গতবারে ৫০ লিড ছিল, সেখানে ৫১ করতে হবে।