নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করছিলেন বলে দাবি করা হয়েছিল, সেই নালিশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই আধিকারিককে সরিয়ে দিল কমিশন।
.jpeg.webp)
নির্বাচন কমিশন (ফাইল ছবি)
শেষ আপডেট: 4 April 2026 23:10
দ্য ওয়াল ব্যুরো: পানিহাটি বিধানসভা কেন্দ্রে (Panihati Assembly Election) ভোটের কাজে যুক্ত সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের (ECI) দ্বারস্থ হয়েছিল তৃণমূল (TMC)। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করছিলেন বলে দাবি করা হয়েছিল, সেই নালিশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই আধিকারিককে সরিয়ে দিল কমিশন।
তৃণমূলের (TMC) লিখিত অভিযোগে জানানো হয়েছিল, পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার অতনু চক্রবর্তী একটি রাজনৈতিক দলের প্রচারের সামগ্রী নির্মাণের কাজে যুক্ত ছিলেন যা নির্বাচনী বিধি ভঙ্গ করে।
এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি ভিডিওর উল্লেখ করা হয়েছে চিঠিতে। যেখানে দেখা গেছে, যেখানে কিছুজনকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ও অন্যান্য প্রচার সামগ্রী তৈরি করতে দেখা যায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
অভিযোগ, কমিশনের অধীনস্থ দায়িত্বে থাকাকালীন এমন আচরণ শুধু দায়িত্ব পালনে গাফিলতিই নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপরও প্রশ্নচিহ্ন তৈরি করে।
রিটার্নিং অফিসারের (Returning Officer) নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জানাতে হবে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। জেলা শাসক, মহকুমা শাসক ও বারাসত সার্কেলকেও পুরো বিষয়টি জানানো হয়েছে।
রিটার্নিং অফিসার জেলা নির্বাচন দফতরে পাঠানো রিপোর্টে জানিয়েছেন, অভিযোগের ভিডিও যাচাই করে দেখা গেছে, অতনু চক্রবর্তী রাজনৈতিক দলের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বলেই মনে হয়েছে, যা নির্বাচনকর্মীর আদর্শ ও নৈতিতার সীমা লঙ্ঘন করে।
এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) যেসব কেন্দ্রকে ঘিরে রাজ্যের মানুষের বিশেষ আগ্রহ, তার মধ্যে অন্যতম হয়ে উঠেছে পানিহাটি (Panihati)। কারণ, এখানে বিজেপির টিকিটে লড়ছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা, যাঁকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষিত হয়েছে রাজনৈতিক মহলের। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষ, বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র।
যদিও মূল লড়াই এই দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ বলে বিশ্লেষকদের ধারণা, তবুও প্রতিযোগিতায় রয়েছেন সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত এবং কংগ্রেসের শুভাশিস ভট্টাচার্যও। ফলে আগামী ২৯ এপ্রিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে এই কেন্দ্রে।