
শেষ আপডেট: 1 March 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। পুলিশের জালে শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতিও। তবুও ঘটনাবহুল সন্দেশখালি। এবার তৃণমূল নেতা তপন ভুঁইয়াকে গ্রেফতারের দাবিতে মহিলাদের মিছিলে তেতে উঠল ঝুপখালি।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালিতে এই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলেই গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নিতেন ওই নেতা। আবাসের টাকা নিয়েছেন, ১০০ দিনের টাকা নিয়েছেন। এখানেই শেষ নয়, শাহজাহানদের সঙ্গী হয়ে জমি কেড়েছেন এলাকার মানুষের। বাধা দিলেই জুটেছে মার। তপন ভুঁইয়াকে গ্রেফতারের দাবিতে এদিন সরব হন তাঁরা। পরে গ্রামেই পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
সন্দেশখালি দুই নম্বর ব্লকের বৌঠাকুরানি এলাকার তৃণমূল নেতা, সন্দেশখালির প্রাক্তন অঞ্চল প্রধান দিলীপ মল্লিকের বিরুদ্ধেও এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। তাঁদের দাবি, এই তৃণমূল নেতাও জোর করে গ্রামবাসীদের জমি দখল করেছে, জবকার্ডের টাকা নিয়েছে এবং এলাকার মানুষদের উপর অত্যাচার চালিয়েছে। তাকে গ্রেফতারের দাবিতেও এদিন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ।
এদিকে বৃহস্পতিবার ভোরে শাহজাহানের গ্রেফতারের পরে শুক্রবারও আনন্দে ভেসেছেন সন্দেশখালির মহিলারা। এদিন সকাল হতেই হাতে ফুলের ঝুড়ি নিয়ে পথে নামেন তাঁরা। হাতে ফুলের পাপড়ি নিয়ে শাহজাহান বাহিনীর ফাঁসির দাবি জানান তাঁরা। আবির উড়িয়ে মিষ্টি খেয়ে দিন শুরু হয় তাঁদের। অত্যাচারী তৃণমূল নেতাদের জেলে ভরার পর এলাকায় শান্তি ফিরবে বলেই তাঁদের আশা।