
শেষ আপডেট: 7 March 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুনের পরে ১০০ ডায়াল করে নিজেই পুলিশ ডাকল স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে আত্মসমর্পণ করে। বেহালা রাজা রামমোহন রায় রোডের সুকান্তপল্লীতে এই ঘটনা ঘটেছে।
স্ত্রী-দুই সন্তানকে নিয়ে ওই এলাকায় থাকে কার্তিক দাস। মুরগীর ব্যবসা রয়েছে তার। বৃহস্পতিবার সকালে পুলিশ কন্টোলে ফোন করে সে। সেখানে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে পুলিশকে বাড়িতে ডেকে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, ঘরের মধ্যে স্ত্রীর দেহের পাশে মাথায় হাত দিয়ে বসে রয়েছে অভিযুক্ত। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বেহালা থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর স্ত্রীর মধ্যে বরাবরই অশান্তি লেগেই থাকত। স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ করত কার্তিক। বুধবার রাতে কার্তিক বাড়ি এসে দেখে স্ত্রী কৃষ্ণা ফোনে গল্প করছে। এরপরেই সে দুই সন্তানের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। গভীর রাতে এমন ঘটনা ঘটার পরে কাউকে কিছুই টের পেতে দেয়নি অভিযুক্ত। সকালে নিজেই পুলিশ ডেকে অপরাধের কথা স্বীকার করেছে সে। খবর পেয়ে পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারীরা এসেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছে।