দায়িত্ব নিয়ে মুখ্য়মন্ত্রীকে ধন্যবাদ জানালেন রানা। বললেন, "মুখ্যমন্ত্রী যে স্নেহ দেখিয়েছেন, আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব যেন সফলভাবে পালন করতে পারি, সেই শুভেচ্ছা জানান।"

রানা চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 29 August 2025 20:23
হাওড়া পুরসভার প্রশাসক পদে এক শিশুরোগ বিশেষজ্ঞকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বালিও সেই পথেই। ভোট না হওয়ায় গত সাত বছর বালি পুরসভা চালিয়েছেন এসডিও । শুক্রবার বালির বিধায়ক শিশুরোগ বিশেষজ্ঞ রানা চট্টোপাধ্যায়কে বালির পুরপ্রশাসক পদে নিয়োগ করা হল।
দায়িত্ব নিয়ে মুখ্য়মন্ত্রীকে ধন্যবাদ জানালেন রানা। বললেন, "মুখ্যমন্ত্রী যে স্নেহ দেখিয়েছেন, আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব যেন সফলভাবে পালন করতে পারি, সেই শুভেচ্ছা জানান।"
বালির বিধায়ক বরাবরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট হিসেবেই পরিচিত। নানান উত্থান পতনে সেই দৃষ্টান্ত ছড়িয়ে রয়েছে। রানা চট্টোপাধ্যায়ের সঙ্গে জেলার যুব সভাপতি কৈলাশ মিশ্রর সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রে। দুজনেরই কর্মকাণ্ড বালিকে ঘিরে। তবুও এক মঞ্চে দেখা যায় না তাঁদের। একাধিকবার তাঁদের সম্পর্কের তিক্ততা খবরের শিরোনাম হয়েছে। এই সমস্ত ঘটনার পরেও মুখ্যমন্ত্রীর স্নেহচ্ছায়ায় থাকতে দেখা গিয়েছে রানাকে। তাই তাঁকে বালি পুরসভার দায়িত্ব দেওয়ার খবরে অবাক হননি বালির মানুষ।
এতদিন এসডিও চালাচ্ছেন বালি পুরসভা। পরিষেবা নিয়ে ক্ষোভের পাহাড়। এই সময়ে তাঁর উপর দায়িত্ব দেওয়া হল। এতে কি বাড়তি কোনও চাপ তৈরি হল তাঁর উপর? রানার সংক্ষিপ্ত উত্তর, "যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সাধ্যমতো পালন করব। কোনও গাফিলতি রাখব না।"